সুদের হার বাড়ার শঙ্কায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির জোরালো পূর্বাভাসের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক পতনে সাত মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি এসে থমকে দাঁড়িয়েছে। গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফিড) কঠোর নীতিগত অবস্থানের পর থেকে মূল্যবান এই ধাতুর বাজারে টানা মন্দা ভাব বজায় রয়েছে। খবর রয়টার্সের।
গত বুধবারের লেনদেনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স চার হাজার ডলারের নিচে নেমে যায়। গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পাঁচ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছেছিল, যা থেকে বর্তমান দাম প্রায় ২৮ শতাংশেরও বেশি কম। গত সপ্তাহের ফেডারেল রিজার্ভের বৈঠকের পর থেকেই স্বর্ণের দাম কমেছে ৬ শতাংশের বেশি। বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রতি আউন্স তিন হাজার ৯৯৯ দশমিক ৩৩ ডলারে স্থিতিশীল রয়েছে।
মূল্য হ্রাসের কারণ
আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ট্রাডু ডট কম -এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জ্যাবৌরাস জানান, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিতই স্বর্ণের বাজারে এই ধসের মূল কারণ। সিএমই ফেডওয়াচ -এর তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬৬ শতাংশ। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের জোয়ারের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড থেকে টাকা তুলে শেয়ারবাজারে খাটানোকেও স্বর্ণের দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।
স্বর্ণের বাজারে মন্দা থাকলেও স্পট সিলভার বা রূপার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৬৪ ডলারে উঠেছে। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে এক হাজার ১৮৪ দশমিক ৭০ ডলার হলেও প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে এক হাজার ৫৭১ দশমিক ৯৫ ডলারে নেমেছে।
এদিকে ভূরাজনৈতিক ক্ষেত্রে লেবানন ও ইসরায়েল একটি মার্কিন-সমর্থিত পরিকল্পনা পর্যালোচনা করছে, যার আওতায় হিজবুল্লাহর কাছ থেকে দখল করা কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক