ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকা নারী ২৪ ঘণ্টা পর উদ্ধার
ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবন ধসে পড়ার দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
রাজধানী কারাকাসের অন্যতম উপশহর চ্যাকাও এলাকার মেয়র গুস্তাভো দুকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
গুস্তাভো দুকে জানান, চ্যাকাও এলাকার ধসে পড়া ‘ডন পেপে’ নামক একটি বহুতল আবাসিক ভবনের বিশাল কংক্রিটের স্তূপের নিচ থেকে বিশেষ উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই নারীকে টেনে বের করে আনে। দীর্ঘ সময় মৃত্যুর মুখে আটকে থাকার পর ওই নারীর অক্ষত ফিরে আসা ধসে পড়া অন্যান্য ভবনের পাশে অপেক্ষারত স্বজনদের মাঝে নতুন করে আশার আলো সঞ্চার করেছে।
মেয়র গুস্তাভো দুকে তার অফিশিয়াল অ্যাকাউন্টে লিখেছেন, এই ভয়াবহ ভূমিকম্পের কারণে সৃষ্ট সমস্ত ক্ষয়ক্ষতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং প্রতিটি নাগরিকের সুরক্ষায় আমাদের পুরো উদ্ধারকারী দল এখনও মাঠে মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে পর পর আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই শক্তিশালী ভূকম্পনে উত্তর ভেনেজুয়েলা লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন পর্যন্ত অন্তত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বিমানবন্দর বন্ধ থাকা ও ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক