ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
ভেনিজুয়েলায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের চার দিন পর আরও একটি অলৌকিক উদ্ধারের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৮ জুন) ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তাঁর ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৭২ ঘণ্টার ‘গোল্ডেন আওয়ার’ পার হওয়ার পরও এই উদ্ধার অভিযান এলাকায় কর্মরত ফরাসি এবং মার্কিন উদ্ধারকর্মীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। খবর রয়টার্সের।
লা গুয়াইরা অঞ্চলে বিশেষায়িত সার্চ ক্যামেরা ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালানোর পর এই বাবা ও ছেলেকে শনাক্ত করা হয়। এরপর উদ্ধারকারী দলগুলোর ১২ ঘণ্টার অত্যন্ত সতর্ক ও কষ্টসাধ্য প্রচেষ্টার পর তাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়।
ধসে পড়া অস্থিতিশীল ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করার আগেই উদ্ধারকারীরা ওই বাবা-ছেলের শরীরে শিরায় স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। ফরাসি বেসামরিক নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বলেন, চার দিন ধরে আটকে থাকায় তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। আমরা তাদের পানিশূন্যতা পূরণ এবং জীবন রক্ষাকারী ওষুধ প্রয়োগের জন্য সম্ভাব্য সবকিছু করছি। উদ্ধারের পর মুখে মাস্ক পরা অবস্থায় অত্যন্ত দুর্বল এই দুজনকে কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়।
এই উদ্ধারকাজে অংশ নিয়েছে ফরাসি বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং আমেরিকার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম। এই যৌথ দলটিই এর আগের দিন একই এলাকা থেকে এক মা ও তাঁর ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করেছিল।
এখন পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে কমে যায়। ফলে এখনো নিখোঁজ থাকা হাজার হাজার মানুষের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।

এনটিভি অনলাইন ডেস্ক