জন্মহার বাড়াতে ফ্রান্সে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল সরকার
ফ্রান্সে শিশু জন্মের হার বাড়ানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার (১ জুলাই) মা ও বাবা উভয়ের বাড়তি সবেতন ছুটিতে চালু করেছেন। খবর এএফপির।
২০২৪ সালে ম্যাক্রোঁ বন্ধ্যত্ব এবং কমতে থাকা জন্মহার মোকাবিলার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। তিনি বলেছিলেন, এটি ফ্রান্সের ‘জনসংখ্যার পুনঃসজ্জা’র পথ প্রশস্ত করতে সাহায্য করবে।
এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটি চার মাসের কিছু কম এবং সন্তানের জন্মের পর বাবা ২৮ দিনের ছুটি পেয়ে থাকেন।
বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মা ও বাবা তাদের বিদ্যমান ছুটির পাশাপাশি এক বা দুই মাসের অতিরিক্ত ছুটি একসঙ্গে নিতে পারবেন। তারা প্রথম মাসে মোট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।
নতুন এই বিধান চলতি বছরের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণকারী শিশুর পিতা-মাতার ক্ষেত্রে প্রযোজ্য। শিশু দত্তক নেওয়া পিতা-মাতারাও এজন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
ইউরোপীয় ইউনিয়ন জুড়ে জন্মহার কমছে। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই প্রথম গত বছর ফ্রান্সে মৃতের সংখ্যার চেয়ে কম শিশুর জন্ম হয়েছে।
নারীবাদী সংগঠনগুলো বলছে, ফ্রান্সে শিশুর জন্মহার বাড়াতে এ সংস্কার যথেষ্ট নয় এবং এর মাধ্যমে লিঙ্গ সমতার উন্নতি হওয়ার সম্ভাবনা কম। তারা উল্লেখ করেন, কম উপার্জনকারী সঙ্গী, সাধারণত নারীরাই অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি।

এনটিভি অনলাইন ডেস্ক