আজ একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ
পৃথিবীর ঘূর্ণন, অক্ষের আকর্ষণ এবং উত্তর গোলার্ধে গ্রীষ্ম মৌসুমের কারণে আজ বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে সূর্যের আলো বা গোধূলির আলো দেখতে পাবেন।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, ওই মুহূর্তে বিশ্বের প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন মানুষের মধ্যে মাত্র ১ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ, সম্পূর্ণ রাতের অন্ধকারে থাকবেন। বাকি সবাই কোনো না কোনো মাত্রায় দিনের আলো বা গোধূলির আলোতে অবস্থান করবেন।
ওই সময় পূর্ণ দিবালোক থাকবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ অঞ্চলে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা এই অঞ্চলগুলোতেই বসবাস করে।
অন্যদিকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা এবং আশপাশের মহাসাগরীয় এলাকায় তখন রাত থাকবে।
অনেকেই মনে করেন, এটি শুধুমাত্র ৮ জুলাইয়ের একটি বিরল ঘটনা। তবে বাস্তবে তা নয়।
প্রতি বছর মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৬০ দিন, প্রতিদিনই প্রায় এক মিনিটের জন্য এমন একটি সময় আসে, যখন পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সঙ্গে সূর্যের আলো বা গোধূলির আলোতে থাকে।
এই তথ্যটি ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের মাধ্যমে ব্যাপক পরিচিতি পায়। পরে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট টাইম এন্ড ডেট জানায়, ৮ জুলাই এই ঘটনার অন্যতম সেরা উদাহরণ হলেও এটি ওই সময়ের প্রতিদিনই প্রায় ঘটে থাকে।
ওই নির্দিষ্ট সময়ে— ৬৯০ কোটি মানুষ (৮৩ শতাংশ) থাকবেন পূর্ণ দিবালোকে। ৫৮ কোটি ১০ লাখ মানুষ (৭ শতাংশ) থাকবেন সিভিল টোয়াইলাইটে, যখন কৃত্রিম আলো ছাড়াই বাইরে কাজ করা সম্ভব। ৪৯ কোটি ৮০ লাখ মানুষ (৬ শতাংশ) থাকবেন নটিক্যাল টোয়াইলাইটে, যেখানে দিগন্ত দেখা গেলেও আকাশ তুলনামূলক অন্ধকার থাকে। ২৪ কোটি ৯০ লাখ মানুষ (৩ শতাংশ) থাকবেন অ্যাস্ট্রোনমিক্যাল টোয়াইলাইটে, যেখানে আকাশে কেবল ক্ষীণ আলো অবশিষ্ট থাকে। মাত্র ৮ কোটি ৩০ লাখ মানুষ (১ শতাংশ) সম্পূর্ণ রাতের অন্ধকারে থাকবেন।
অনেকের প্রশ্ন, উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিন তো জুনের অয়ন-এ হয়, তাহলে এই ঘটনা জুলাইয়ে কেন?
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, জুনের অয়নের পর সূর্য ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যেতে শুরু করে। এতে উত্তর মেরুর কম জনবসতিপূর্ণ অঞ্চলে দিনের দৈর্ঘ্য কিছুটা কমে গেলেও, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় এলাকায় দিনের আলো আরও কিছুটা বিস্তৃত হয়।
ফলে জুনের অয়নের তুলনায় জুলাইয়ের এই সময়টিতে প্রায় এক কোটি (১০ মিলিয়ন) বেশি মানুষ একই সময়ে দিনের আলো বা গোধূলির আওতায় চলে আসে।

এনটিভি অনলাইন ডেস্ক