চলন্ত বাইকে চিতাবাঘের আক্রমণ, সিসিটিভিতে হাড়হিম করা দৃশ্য
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে লোকালয়ে ঢুকে এক ডেলিভারি বয়ের চলন্ত মোটরসাইকেলে বুনো চিতাবাঘের ঝাঁপিয়ে পড়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণরক্ষা পাওয়া ওই যুবকের ওপর বাঘের আক্রমণের পুরো দৃশ্যটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভয়াবহ এই ঘটনায় ইন্দোরের বিচোলি মারদানা আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।
আরও পড়ুন : ইচ্ছাকৃতভাবে স্ত্রী-সন্তানসহ গাড়ি খাদে ফেলেও আইনি মুক্তি চিকিৎসকের
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ডেলিভারি বয় তার মোটরসাইকেল নিয়ে এলাকাটি পার হওয়ার সময় অন্ধকার থেকে হঠাৎ একটি চিতাবাঘ তীব্র গতিতে ছুটে এসে সরাসরি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের প্রচণ্ড ধাক্কায় মোটরবাইকটিসহ ওই যুবক রাস্তায় ছিটকে পড়েন। তবে চরম বিপদের মুহূর্তেও দারুণ চটপটে ও সতর্ক থাকায় ওই যুবক মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত উঠে দাঁড়াতে সক্ষম হন। এরপর চিতাবাঘের থাবা থেকে বাঁচতে দৌড়ে প্রাণরক্ষা করেন।
আরও পড়ুন : হামলার জবাবে ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাত
আরও পড়ুন : ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র
আবাসিক এলাকায় চিতাবাঘের এমন প্রকাশ্য হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও বন বিভাগের বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চিতাবাঘটিকে খাঁচাবন্দি করতে পুলিশ ও বন কর্মকর্তারা যৌথভাবে আশপাশের ফসলের ক্ষেত, ঝোঁপঝাড় ও সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গাগুলোতে কয়েক ঘণ্টা ধরে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও চিতাবাঘটির সন্ধান পাওয়া যায়নি। বন কর্মকর্তাদের ধারণা, হামলার পরপরই বাঘটি লোকালয় ছেড়ে পাশের গভীর বনাঞ্চলে ঢুকে গেছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, চিতাবাঘটিকে না ধরা পর্যন্ত তাদের এই অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে। তবে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে কোনো জরুরি বা যৌক্তিক কারণ ছাড়া একা একা ঘরের বাইরে বের না হতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এলাকায় চিতাবাঘের নতুন কোনো পায়ের ছাপ বা অন্য কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে তা অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক