ইরানে মার্কিন বিমান হামলায় নিহত ৩, আহত বহু
ইরানের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর নতুন করে চালানো হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি সাংবাদিকদের জানিয়েছেন, খুজেস্তানের প্রধান শহর আহভাজের উপকণ্ঠে মার্কিন যুদ্ধবিমান থেকে এই ভয়াবহ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়, আজ সমাহিত হচ্ছেন খামেনি
গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার পারদ এই হামলার মাধ্যমে আরও একধাপ বৃদ্ধি পেল। এর আগে বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের প্রতিটি আঘাতের জবাবে মার্কিন সামরিক বাহিনী ২০ গুণ বেশি শক্তিশালী পাল্টা হামলা চালাবে। ট্রাম্পের সেই আগ্রাসী বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের মূল ভূখণ্ডের ভেতরে এই প্রাণঘাতী মার্কিন হামলার খবর সামনে এল।
আরও পড়ুন : ইরানের প্রতিটি হামলার জবাবে ২০ গুণ বেশি আঘাত করা হবে : ট্রাম্প
প্রতিরক্ষা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আহভাজের এই হামলার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের রূপ নিতে পারে।
সূত্র : এএফপি

এনটিভি অনলাইন ডেস্ক