ইরানের ১৩ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে এবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্ত একাধিক ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। এর ফলে ইরানের ১৩ কোটি মার্কিন ডলারের (১৩০ মিলিয়ন ডলার) বেশি সমমূল্যের ডিজিটাল সম্পদ অবরুদ্ধ বা ফ্রিজ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ডিজিটাল সম্পদের অপব্যবহারসহ ইরানের যেকোনো ধরনের অবৈধ আর্থিক কার্যক্রম ব্যাহত ও দুর্বল করতে ওয়াশিংটন সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইরানের এই অবৈধ রাজস্ব আয়ের উৎসগুলোর পেছনে আমাদের অভিযান জোরালোভাবে অব্যাহত রাখব। ইরানি শাসকগোষ্ঠীকে তাদের অবৈধ অর্থের নাগাল পাওয়া থেকে বঞ্চিত করব।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই তেহরানের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে এই বড় ধরনের সাইবার ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। পারস্য উপসাগরে তেল ট্যাঙ্কারে ইরানের সাম্প্রতিক হামলা ও হরমুজ প্রণালিতে উত্তেজনার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক