সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
উপসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তিন দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সফরের কথা নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।
পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বরা।
সফর প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক চরম উত্তেজনার পটভূমিতে এ সফর অনুষ্ঠিত হলেও, এর রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব সাময়িক সংকট বা স্বল্পমেয়াদি সুবিধার চেয়েও অনেক বেশি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংঘাত ইতোমধ্যে সৌদি আরবসহ আশেপাশের বেশ কয়েকটি দেশকে প্রভাবিত করেছে। বর্তমানে যুদ্ধের সমাপ্তি টানতে ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান সরকার। এমন পরিস্থিতিতে শরিফ ও আসিম মুনিরের এ সৌদি সফরকে বৈশ্বিক কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনটিভি অনলাইন ডেস্ক