এয়ার কুলারের ভেতর পাঁচ ফুটের গোখরা, পানি ঢালতে গিয়ে চমকে উঠল পরিবার
ভারতের রাজস্থানে এক বাড়িতে এয়ার কুলারের ভেতর থেকে পাঁচ ফুট লম্বা বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সাধারণ ঘরের কাজে গিয়ে বিষধর সাপের উপস্থিতি টের পাওয়ায় মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ২২ আগস্ট দিনগত রাত আনুমানিক ১টার দিকে রাজস্থানের উদয়পুর জেলার বালিচা গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন : গাছে বেঁধে শরীরে আগুন দেওয়ার ঘটনায় ইনফ্লুয়েন্সারের মৃত্যু
আরও পড়ুন : সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
বাড়ির লোকজন কুলারে পানি ভরতে গেলে ভেতরে অস্বাভাবিক কিছু একটা দেখতে পান। এরপর ভালো করে খেয়াল করতেই তারা বিষধর গোখরাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় বন্যপ্রাণী উদ্ধার সংস্থাকে জানানো হয়।
খবর পেয়ে ‘ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড নেচার রেসকিউ সোসাইটির’ প্রতিষ্ঠাতা বিক্রম সালভি তার দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিক্রম সালভি জানান, পরিবারের ফোন পাওয়ার পর তিনি দলের সদস্য গৌরবকে নিয়ে দ্রুত বালিচা গ্রামে যান। পরীক্ষা করে তারা নিশ্চিত হন যে কুলারের অন্ধকার ঘরে প্রায় পাঁচ ফুট লম্বা একটি গোখরা সাপ আশ্রয় নিয়েছে।
উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সঙ্গে কুলারটি খোলে। তারা সফলভাবে বিষধর গোখরাটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এই উদ্ধার অভিযানটি এমনভাবে পরিচালিত হয় যেন সাপ বা উপস্থিত পরিবারের সদস্যদের কোনো ক্ষতি না হয়। পরে উদ্ধার করা গোখরাটিকে অক্ষত অবস্থায় লোকালয় থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক