ইসরায়েলি আগ্রাসনে বিশ্বনেতাদের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ মাহমুদ আব্বাসের
ফিলিস্তিনজুড়ে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ত ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় বিশ্বনেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন তুলেছেন, ইসরায়েলের এই বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় আর কতদিন মুখ বুজে বসে থাকবে?
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘কিছু দেশ আর কতদিন ইসরায়েলের বিষয়ে নীরব থাকবে কিংবা আমাদের নিরপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য তাদের কাছে অব্যাহতভাবে মারণাস্ত্র সরবরাহ করবে? গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যে নজিরবিহীন মানবিক বিপর্যয় ও চরম ক্ষয়ক্ষতি হয়েছে, তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।’
ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন ও দীর্ঘস্থায়ী দখলদারিত্বের অবসানে আন্তর্জাতিক পদক্ষেপের স্থবিরতা নিয়ে প্রশ্ন তুলে মাহমুদ আব্বাস বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা দেওয়া, নিজেদের পূর্বপুরুষের ভূমিতে তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখা, অবৈধ ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে কিসের জন্য অপেক্ষা করছে?’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট সতর্ক করে জানান, আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই এ অঞ্চলে সবার জন্য টেকসই শান্তি বয়ে আনতে পারে। তবে এর বিপরীতে ইসরায়েলি উগ্রপন্থা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও ঝুঁকি বাড়িয়ে তুলছে।
মাহমুদ আব্বাস আরও অভিযোগ করেন, ইসরায়েলের চরমপন্থি শক্তি তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এটি মূলত তাদের ঔপনিবেশিক প্রকল্পকে আরও বিস্তৃত করার এবং ফিলিস্তিনিদের সামগ্রিক অস্তিত্বকে সম্পূর্ণ মুছে ফেলার নীল নকশা।

নিজস্ব প্রতিবেদক