হুথিদের রুখতে ইয়েমেনে ৪ কার্গো অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান
সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা এডেন বন্দরে চার কার্গো বিমান ভর্তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। লোহিত সাগরের উপকূলজুড়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যাপক অগ্রসরতা রুখতে সৌদি আরবের সমন্বিত সামরিক প্রচেষ্টার অংশ হিসেবেই ইসলামাবাদ এই পদক্ষেপে এগিয়ে এসেছে।
শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
পাকিস্তানি এক সরকারি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম), হালকা কামান, ড্রোন এবং অ্যান্টি-ড্রোন সিস্টেম। কেবল সামরিক সরঞ্জাম সরবরাহ নয়, ইয়েমেনি বাহিনীকে সহায়তা করতে সৌদি সামরিক কর্মকর্তাদের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের একটি দলও।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইজ শহরের দখল নেওয়ার জন্য বর্তমানে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এডেন ও সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে হুতিরা তাইজ ও এডেনের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় গত ২৪ ঘণ্টায় সৌদি জোট হুথিদের অবস্থান লক্ষ্য করে প্রায় ৯৪টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সানা, সাদাহ এবং তাইজের সমন্বিত সামরিক ব্যবস্থার ওপর ডজনখানেক হামলা অন্তর্ভুক্ত ছিল। পাল্টা জবাবে হুতিরাও সৌদি আরবের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে; যদিও তারা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার দায় অস্বীকার করেছে।
গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তির’ কার্যকারিতার প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই পাকিস্তানি সমর্থনকে। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার কারণে পাকিস্তান এখন পর্যন্ত সতর্ক পা ফেললেও, সংঘাত বাড়তে থাকায় রিয়াদের পক্ষে নিজেদের ভূমিকা জোরদার করছে দেশটি।

এনটিভি অনলাইন ডেস্ক