পশ্চিমবঙ্গে বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন
ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন (এমএসসি) বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিলুপ্তির পর কমিশনটিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) সঙ্গে একীভূত করা হবে। এর ফলে এখন থেকে রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই পরিচালিত হবে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করার ঐতিহাসিক এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। তবে সিদ্ধান্তটি পুরোপুরি কার্যকর করার আগে বিদ্যমান আইনে প্রয়োজনীয় কিছু সংশোধনী আনতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্তির কথা নিশ্চিত করে বলেন, ‘এটি এখন থেকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) সঙ্গে একীভূত করা হবে।’
আইনি প্রক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এই একীভূতকরণ বাস্তবায়নে বিধানসভায় দুটি পৃথক বিল উপস্থাপন করা হতে পারে। এর মধ্যে একটি বিল আনা হবে বিদ্যমান পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইনটি পুরোপুরি বাতিলের জন্য। আর দ্বিতীয় বিলটিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেওয়া হবে।
শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, এ বিষয়ে (একীভূতকরণ) এ বছরের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিধানসভায় এই দুটি বিল পাস হওয়ার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপালের সম্মতি মিললে জারি করা হবে গেজেট বিজ্ঞপ্তি।
শিক্ষা সচিব বিনোদ কুমার আরও জানান, প্রস্তাবিত এই একীভূতকরণের পর স্বীকৃত মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের সার্বিক বিষয় ডব্লিউবিএসএসসির আইনি কাঠামোর আওতায় চলে আসবে। রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করা এবং পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য আনার লক্ষ্যেই এই বড় পদক্ষেটি নেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক