সাইবার হামলায় সাত দেশের ফ্রিজ অচল, বিপুল খাদ্যদ্রব্য নষ্ট
ইউরোপের অন্তত সাতটি দেশের শতাধিক সুপারমার্কেটে একযোগে সমন্বিত সাইবার হামলার ঘটনা ঘটেছে। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রেফ্রিজারেটর ও ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে বিকল করে দেওয়ার মাধ্যমে এই হামলা চালানো হয়। এতে ফ্রিজে রাখা কোটি কোটি ইউরো মূল্যের বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে।
আজ সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রায় ৪০টি ডেলহেইজ সুপারমার্কেটের পাশাপাশি সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের বেশ কিছু খুচরা বিক্রয়কেন্দ্রে এই হ্যাকিংয়ের প্রভাব পড়েছে। আক্রান্ত ফ্রিজারগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ‘ডিফ্রস্ট মোড’ সক্রিয় হয়ে ওঠায় ভেতরে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এর আগে গত অক্টোবর মাসে ফ্রান্সে শত শত সুপারমার্কেটে ঠিক একইভাবে সাইবার হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
প্রভাবিত রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান ‘সাবকোবেলের’ প্রধান নির্বাহী স্টেফান মোয়েলানস জানান, আক্রান্ত ফ্রিজ ও ফ্রিজারগুলোকে দ্রুত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। দূরবর্তী অবস্থান থেকে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে রক্ষণাবেক্ষণ সহজ করার জন্য এসব ব্যবস্থা অনলাইনের যুক্ত থাকে, যা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় দুর্বলতা তৈরি করেছে। শুধু সফ্টওয়্যার হালনাগাদ নয়, এই ঝুঁকি এড়াতে ফ্রিজগুলোর যন্ত্রাংশে কিছুটা পরিবর্তন আনার প্রয়োজন ছিল।
বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স এলাকার একটি সুপারমার্কেটের মালিক জানিয়েছেন, একদিনের ফ্রিজার বিকল থাকায় তাদের অন্তত ১ লাখ ইউরোর পণ্য নষ্ট হয়েছে। সুইডেনের জনপ্রিয় আইসিএ, কোপ এবং ফিনল্যান্ডের কে-স্টোরে একই ধরনের সমস্যা রেকর্ড করা হয়েছে। বেলজিয়ামের মান্স শহরের জনপ্রিয় আসবাবের দোকান ‘আইকিয়ার’ ফ্রিজার ব্যবস্থাও এই হামলার শিকার হয়েছে।
এই সাইবার হামলার পেছনে কারা জড়িত রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বেলজিয়াম, সুইডেন এবং যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রগুলো যৌথ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। একই সঙ্গে মার্কিন সামরিক ঘাঁটিতে গত আগস্ট মাসে সংঘটিত অনুরূপ ফ্রিজার বিকল হওয়ার ঘটনার সঙ্গে এই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা মার্কিন ও ফরাসি তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

এনটিভি অনলাইন ডেস্ক