বইমেলায় শফিক রিয়ান'র ‘ছায়াবৃত্ত’
অমর একুশে বইমেলা ২০২৬’-এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘ছায়াবৃত্ত’।
বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী । মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। বইটি রকমারি ডটকমসহ নবকথন প্রকাশনী এর ২৩৮,২৩৯,২৪০ স্টলে পাওয়া যাবে।
এর আগে তার ‘আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), ‘মেঘ বিষাদের দিন (২০২২), ‘বিধ্বস্ত নক্ষত্র’ (২০২২), ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ (২০২৩) এবং ‘বিষাদের ছায়া’ (২০২৪) ও ‘বিসর্জন’ বইসমূহ প্রকাশিত হয়। সবগুলো বই পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাই সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবং পাঠকদের ভিন্ন কিছু উপহার দিতে এবার তিনি নিয়ে এসেছেন এই শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক থ্রিলার।
নতুন এই উপন্যাস নিয়ে লেখক বলেন, ‘ছায়াবৃত্ত’ গতানুগতিক কোনো প্রেমের গল্প নয়, বরং এটি একটি পিলে চমকানো অপরাধ ও রহস্যের আখ্যান। গল্পের প্রেক্ষাপট ধানমন্ডির এক ব্যস্ত গলি, যেখানে একটি কম্পিউটার সেন্টারে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। গলাকাটা লাশ হয়ে পড়ে থাকে স্বপ্নবাজ তরুণী তিশা। ঘটনার আকস্মিকতায় যখন সন্দেহের তীর তিশার প্রেমিক আহনাফের দিকে, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় এক ভয়াবহ ট্র্যাজেডিতে।
তিনি আরও জানান, এই উপন্যাসের চরিত্ররা বেশ বিচিত্র। রহস্য উদঘাটনে এখানে যুক্ত হন হিসাববিজ্ঞানের প্রফেসর আবরার হাসান, যিনি জীবনের সবকিছুর মধ্যেই ডেবিট-ক্রেডিটের অঙ্ক মেলান। তিনি বিশ্বাস করেন, হিসাবের খাতায় যেমন গরমিল থাকে, জীবনের গল্পেও কোথাও না কোথাও একটা ‘অ্যাকাউন্টিং এরর’ বা ভুল থেকে যায়। পুলিশের এএসপি ইমতিয়াজের সাথে তিনিও নেমে পড়েন সেই অদৃশ্য ভুলের সন্ধানে। তদন্তের সূত্র ধরে বেরিয়ে আসে তিন বন্ধু—রাশেদ, পলাশ আর তিশার এক অদ্ভুত অতীত। ভালোবাসা যেখানে অভিশাপ হয়ে আসে, আর স্বপ্নগুলো রূপ নেয় দুঃস্বপ্নে।
পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, "সাহিত্যের এই জগৎটাতে এসে প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় ঢের বেশি। তাই পাঠকদের কথা চিন্তা করেই এবার একটু ভিন্ন ধাচের লেখালেখি করছি। ‘ছায়াবৃত্ত’ এমন এক অসমাপ্ত জ্যামিতি আর ছায়ার বৃত্তে আটকে পড়া মানুষের গল্প, যেখানে আলো ফেললে কেবল অন্ধকারই গাঢ় হয়। আশা করি, রহস্য ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভরা এই উপন্যাসটিও আমার পাঠকদের মন জয় করে নিতে সক্ষম হবে।

এনটিভি অনলাইন ডেস্ক