একুশে বইমেলায় ১৫তম দিনে নতুন এসেছে ৮২টি
অমর একুশে বইমেলার ১৫তম দিনে বৃহস্পতিবার নতুন বই এসেছে ৮২টি। মেলা চলে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : মুস্তাফা জামান আব্বাসী শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে শারমিনী আব্বাসীর লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা মোকারম হোসেন। আলোচনায় অংশ নেন আশরাফুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করেন ওয়াকিল আহমদ।
এতে বলা হয়, প্রখ্যাত লোকসংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সুরকার আব্বাসীউদ্দীন আহমদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী ছিলেন বাংলাদেশের সংগীত-অঙ্গনের একজন মহীরূহ। শুদ্ধ, সুন্দর, সুপুরুষ জ্যোতি-বিভাসিত অন্তর ছিল তার। তিনি লোকসংগীতকে ব্রাত্যজনের সভায় তুলে আনতে সবসময় সচেষ্ট থেকেছেন। এই লক্ষ্যে লোকসংগীত চয়ন করে এনেছেন বাংলার গ্রাম, বনানী, শত নদীর তীর ও জনপদ থেকে।
আশরাফুজ্জামান বাবু বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন বটবৃক্ষ। তার ছায়াতলে আমরা আমাদের অন্তরের উত্তাপ শীতল করেছি। তিনি সার্থকভাবেই বাংলা সংস্কৃতির একজন প্রতিভূ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তার সংগীত ও সাহিত্যকর্ম সমাজের সকল স্তরের মানুষকে আকৃষ্ট করেছে।
ওয়াকিল আহমদ বলেন, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী ছিলেন প্রথিতযশা সংগীত পরিবারের সন্তান। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নিজে গান করেছেন এবং লোকসংগীতকে জনপ্রিয় করে তোলার জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।
লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন আতাহার খান, ফজলুল হক তুহিন এবং জামশেদ ওয়াজেদ। বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)