চুনতি লাইটহাউস শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ‘চুনতি লাইটহাউস শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে আজ শনিবার (৩০ মে) এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির শাহ মঞ্জিলে অবস্থিত সীরাত মিলনায়তনে সকাল ৯টা থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
সকাল থেকেই শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো চুনতি লাইটহাউস প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। রং-তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে ওঠে তাদের কল্পনার জগৎ। অভিভাবকরাও সন্তানদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত আছেন।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে শিল্পবোধ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন। সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগীদের চারটি গ্রুপে বিভক্ত করে চিত্রাঙ্কনের সুযোগ দেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত, ফলে অংশগ্রহণকারীরা নিজেদের কল্পনা ও সৃজনশীলতা অনুযায়ী চিত্র অঙ্কনের স্বাধীনতা পাচ্ছে।
প্রতিযোগিতার মূল্যায়নের দায়িত্বে রয়েছেন দেশের স্বনামধন্য চারুকলা ও শিল্পাঙ্গনের ব্যক্তিত্বরা। প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আনিসুজ্জামান। সহকারী বিচারক হিসেবে আছেন চিত্রশিল্পী ও শিক্ষক মজুমদার শাকিল এবং চিত্রশিল্পী ও ডিজাইনার আবদুল হালিম।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম