হবিগঞ্জে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ওই কেন্দ্রের দুটি কক্ষের দরজায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দরজার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনাটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
খবর পেয়ে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। পরিদর্শন শেষে তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। আগুনে নির্বাচনি কার্যক্রমের কোনো বিঘ্ন ঘটেনি এবং নির্ধারিত সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ