ডিবির সোর্স শফি হত্যায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সোর্স জালাল আহমেদ শফি হত্যা মামলায় দুই পুলিশ সদস্যসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এই রায় দেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী সহকারী সায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-হাবিলদার মো. বিল্লাল হোসেন, কনস্টেবল মো. আবদুর রউফ ও ডিবির ক্যান্টিনের পরিচালক মো. আনোয়ার হোসেন।
নথি থেকে জানা গেছে, ভুক্তভোগী জালাল আহমেদ শফি ডিবির সোর্স ছিলেন। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্যের হাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়েই খুন হয়েছিলেন তিনি। ওই ঘটনার পর তার লাশ গুমও করা হয়েছিল। তার মরদেহ উদ্ধারের পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এস এম আলী আজম সিদ্দিকী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। এদিকে মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর নিহত জালাল আহমেদ শফির ছেলে আব্বাস উদ্দিন বাদী হয়ে ১৯৯৯ সালের ৪ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান।

আদালত প্রতিবেদক