শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২২ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। এরপর খেলা শেষে তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাহিরে ফেলে দেয়। বিষয়টি টের পেয়ে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। ইউনিয়ন নেতাকর্মীরা তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নেতা ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন চেয়ার ও ফ্যাস্টুনের কিছু অংশে পুড়ে যায়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ বলেন, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। আমরা ধারণা করছি আমাদের বিরোধী দলের লোকজন এটি ঘটাতে পারে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর