অপূর্ব-অদিতি দম্পতির বিচ্ছেদ
ফের সংসার ভাঙল ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। বর্তমান স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের নয় বছরের মাথায় তাঁদের দাম্পত্যজীবনের অবসান হলো। এর আগে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অপূর্বর।
রোববার (১৭ মে) বিকেলে সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। অদিতি তাঁর ফেসবুক হ্যান্ডেলেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লেখেন, “আমাকে ‘ভাবি’ ডাকা বন্ধ করুন সবাই!”
পরে অদিতি ফের ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে অপূর্ব সম্পর্কেও লেখেন। লেখেন, বাবা হিসেবে তিনি অসাধারণ, প্রেমময় ভাই, দায়িত্বশীল ছেলে এবং মনের দিক থেকে ভালো ব্যক্তি। তাঁকে মেধাবী বলেও উল্লেখ করেন অদিতি।
ভক্তদের উদ্দেশে অদিতি লেখেন, অপূর্বর ব্যক্তিগত জীবন নিয়ে নয়, তাঁর অসাধারণ কাজগুলো বিচার করুন। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের জন্য কাউকে বিচার না করারও অনুরোধ করেন অদিতি।
মুঠোফোনে অদিতি বলেন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য। অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাই না। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’
বিচ্ছেদের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। প্রভার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে।

বিনোদন প্রতিবেদক