ঈদ : অনন্ত তুরস্কে, নিউইয়র্কে শাকিব, শুভ ঢাকায়
করোনায় বছর দুয়েক থমকে থাকার পর ঈদে ফিরেছে উৎসবের আমেজে। দিনটি উদযাপনে কেউ পাড়ি জমিয়েছেন স্বপ্নের দেশে, কেউ বা ছুটেছেন নাড়ির টানে, অনেকেই থেকেছেন কর্মস্থলে।
ঢাকাই সিনেমার নায়কেরাও এই তালিকার বাইরে নন। এই যেমন এবারের ঈদ উদযাপনে তুরস্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। পরিবার নিয়ে শনিবার তুরস্কের পথে উড়াল দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অনন্ত জলিলের ভাষ্য , “দেশের বাইরে প্রতিবারই ঈদ করি। এবারের স্থান তুরস্ক। এখানে বেড়াব আর ‘নেত্রী’ ছবি নির্মাণের বাকি কিছু কাজ সম্পন্ন করব।”
ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের এবার ঈদ কাটবে নিউইয়র্কে। প্রথম বার যুক্তরাষ্ট্রে ঈদ করছেন নায়ক। দেশটিতে গ্রিন কার্ডের আবেদন করে গেল বছরের নভেম্বর থেকে বসবাস করছেন শাকিব।
এবারের ঈদ প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন, ‘ঈদের পাঞ্জাবি, পায়জামা দেশ থেকে এসেছে। নিউইয়র্কে থেকে ১০ মিনিটের দূরত্বে আলবেনিয়ান মসজিদে ঈদের নামাজ পড়ব। বন্ধুদের সঙ্গে ঘুরব।’
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবার ঈদ করেছেন ঢাকায়। জানিয়েছেন, ‘পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটাবেন, পছন্দের খাবার খাবেন; সন্ধ্যায় বন্ধু ও প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ হবে।’
চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্য এবারের ঈদটি বিশেষ। কারণ, কয়েক দিন আগে সন্তানের বাবা হয়েছেন; দীর্ঘদিন পর ঈদে মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘শান’।
সিয়াম জানালেন, ‘ঈদে আনন্দের মাত্রা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি, ঢাকায় পরিবারের সঙ্গে বিশেষ দিনটি ভাগ করছি।’
চিত্রনায়ক শরিফুল রাজের এবার ঈদ কাটছে সমুদ্র শহর কক্সবাজারে। স্ত্রী পরী মণিকে দিয়ে সেখানে একান্তে সময় পার করছেন তিনি। জানিয়েছেন, ‘বিয়ের পর প্রথম ঈদ, তাই একটু বিশেষভাবে কাটানোর চেষ্টা করছি।’
এবারের ঈদ নিজ গ্রামে কাটাচ্ছেন চিত্রনায়ক সায়মন সাদিক ও জিয়াউল হক রোশান। তাঁরা অবস্থান করছেন কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়।

বিনোদন প্রতিবেদক