করোনামুক্ত তারা
যখন ভারতের সিনে-ইন্ডাস্ট্রি উন্মুক্ত হলো, কোভিড-পূর্ব দিনগুলোর মতো শুটিং শুরু হলো, ঠিক তখনই মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুটিংয়ের সময় সমস্ত পূর্বসতর্কতা ও যথাযথ পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কোভিডকে রুখে দেওয়া সম্ভব হচ্ছে না।
বলিউড তারকা রণবীর কাপুরের পর পরিচালক সঞ্জয় লীলা বানসালির কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর পরেই খবর আসে, বিশিষ্ট অভিনেতা মনোজ বাজপেয়ী করোনায় আক্রান্ত। এরপর করোনায় আক্রান্ত হন উঠতি তারকা তারা সুতারিয়া ও সিদ্ধান্ত চতুর্বেদি। তবে সুখবর, অভিনেত্রী তারা সুতারিয়ার করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এর আগে গণমাধ্যমগুলোতে তারা সুতারিয়ার কোভিড পজিটিভের খবর প্রকাশ হলেও অভিনেত্রী মুখ খোলেননি। অবশেষে সেই নীরবতা ভেঙেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শুভ কামনার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি এ বলিউড ডিভা।
তারা সুতারিয়াকে সবশেষ ‘মারজাওয়ান’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যায়। আগামীতে তাঁকে ‘তড়প’ সিনেমায় দেখা যাবে। শিগগিরই এ সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ সিনেমায় তিনি সুনীল শেঠির ছেলে অহন শেঠির বিপরীতে অভিনয় করেছেন। এ অ্যাকশন সিনেমার মাধ্যমে সুনীলপুত্রের বলিউডে অভিষেক হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন মিলন লুথরিয়া।
তেলেগু সুপারহিট ‘আরএক্স ১০০’-এর অফিশিয়াল রিমেক ‘তড়প’। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সিকান্দার খের ও শরৎ সাক্সেনা। সিনেমাটি এ বছরের ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে।

বিনোদন ডেস্ক