করোনায় আক্রান্ত আজিজুল হাকিম
টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা আজিজুল হাকিম নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনাত হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ানও করোনাভাইরাসে আক্রান্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার আজিজুল হাকিম ভাই ও তাঁদের ছেলের করোনা পজিটিভ আসে। আর ভাবি আগেই করোনায় আক্রান্ত ছিলেন। তবে বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা ভালো। সবার কাছে দোয়া চেয়েছেন।’
এ প্রসঙ্গে কথা বলতে আজিজুল হাকিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালেও শুটিংয়ে অংশ নিয়েছিলেন এই অভিনেতা।
আজিজুল হাকিম ছাত্রজীবন থেকে ‘আরিয়ানাক’ থিয়েটার গ্রুপের সদস্য ছিলেন। এরপর টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ১৯৯৩ সালে চিত্রনাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। ব্যক্তিজীবনে তাঁরা দুই সন্তানের জনক।

বিনোদন প্রতিবেদক