ফের বিশ্রামে যাচ্ছেন, দোয়া চাইলেন মিলন
অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক মাস বিশ্রামে ছিলেন গুণী অভিনেতা আনিসুর রহমান মিলন। দুদিন আগে শুটিংয়ে ফেরেন। তবে অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। আগামীকাল একটি নাটকের শুট শেষ করে ফের বিশ্রামে যাবেন মিলন।
অক্টোবরের শুরুতে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে বাসায় চলে যান আনিসুর রহমান মিলন। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসায় কোনো জটিল রোগ ধরা পড়েনি। চিকিৎসকেরা বলেছিলেন এক মাস বিশ্রাম নিতে। দুদিন আগে ‘গোলমাল’ শিরোনামে একটি নাটকের শুটিংয়ে অংশ নেন। আগামীকাল শেষ হবে এই পর্যায়ের শুটিং। এর পরই বিশ্রামে যাবেন এ অভিনেতা।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনটিভি অনলাইনকে আনিসুর রহমান মিলন বলেন, ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক মাস বিশ্রাম নিয়েছি। কিছুদিন ধরে মনে হচ্ছিল, কাজে ফিরলে হয়তো ভালো লাগবে। দুদিন কাজ করেছি। তবে শরীর সায় দিচ্ছে না। আগামীকাল এই নাটকের শুটিং শেষ করে আবারও বিশ্রামে যাব। কিছুদিন বিশ্রাম নিয়ে শুটিংয়ে ফিরব, ইনশা আল্লাহ।’
মিলন আরো বলেন, “‘গোলমাল’ নাটকের শিডিউল দেওয়া ছিল অনেক আগে। যে কারণে কাজটি করেছি। অনেক রিলাক্সে কাজ করছি। আমার জন্য প্রতিদিন তিন-চারটি করে সিকোয়েন্স রাখা হচ্ছে। ইউনিটের সবাই অনেক সহযোগিতা করছে। সবাই আমার জন্য দোয়া করবেন। পরিপূর্ণ সুস্থ হয়ে যেন আমি কাজে ফিরতে পারি। আপনারাও সবাই নিরাপদে থাকবেন।”
১২ বছর বয়সে থিয়েটারে অভিনয় শুরু করেন আনিসুর রহমান মিলন। জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’-এ অভিনয় করে পরিচিতি পান তিনি। মিলন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’, সেখানে মাঝি করিম শেখের চরিত্রে অভিনয় করেছিলেন। ছোট পর্দার পাশাপাশি তিনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু চলচ্চিত্র।

বিনোদন প্রতিবেদক