বিশেষ দিবসে নয়, প্রতিটি মুহূর্ত মাকে ভালোবেসেছি : দিলারা জামান
বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। টিভি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে সবার কাছে তিনি শ্রদ্ধার পাত্র। তবে বর্তমানে নাটকে মায়ের প্রয়োজন কম হয়। এতে করে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি।
আজ রোববার (১০ মে) বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস। দিবসটি প্রসঙ্গে দিলারা জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘মাকে ভালোবাসার জন্য আলাদা দিবসের প্রয়োজন নেই। মা সন্তানকে, সন্তান মাকে প্রতিদিন, প্রতিমুহূর্তে ভালোবাসবে। এটাই স্বাভাবিক। এটা আসলে এক ধরনের ব্যবসা। এতে করে এই দিন দুইটা ফুল বেশি বিক্রি হবে। এর চেয়ে বেশি কিছু না। আমাদের সময়ে আমরা মা দিবস পালন করিনি। তবে মাকে আমরা ভালোবেসেছি প্রতিটি মুহূর্ত।’
দিলারা জামান বলেন, ‘যখন কোনো নাটকের শুটিং করতে যাই, ইউনিটের সবাই আমাকে মা বলে ডাকে। মায়ের মতো সম্মান করে, সেবা করে। আমিও সবাইকে সন্তানের মতো দেখি। এত বছর ধরে এই মাধ্যমে কাজ করছি। তারা তো আমার সন্তানের মতোই।’
বর্তমানে নাটকে মায়ের চরিত্র নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘এখন তো আর নাটকে মা বা পরিবার তেমন প্রয়োজন হয় না। দুজন ছেলেমেয়ে আর একটা মোবাইল হলেই হয়ে যায়। এটা আমাদের সমাজেও প্রভাব ফেলছে। এতে করে যৌথ পরিবারের সংখ্যা কমছে। এভাবে চলতে থাকলে নতুন প্রজন্ম জানবেই না, পরিবার মানে দাদা-দাদি, মা-বাবা, ভাইবোন।’
শুটিং না থাকলে অসুস্থ হয়ে যান জানিয়ে দিলারা জামান বলেন, ‘আমার দুই মেয়ে। ওরা দেশের বাইরে থাকে। স্বামী মারা গেছেন কয়েক বছর হলো। এখন বাসায় একটি কাজের ছেলে আর আমি থাকি। যতক্ষণ শুটিং থাকে, ততক্ষণ ভালো থাকি। নিজেকে খাঁচা থেকে বাইরে আসা মুক্ত পাখির মতো মনে হয়। মনে হয় নিজের নীড়ে ফিরেছি। শুটিং না থাকলে নিজেকে বড্ড অসহায় মনে হয়। দম বন্ধ হয়ে যায়।’
দিলারা জামানের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। প্রথম টেলিভিশনে অভিনয় করেন ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকে। প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। ১৯৯৩ সালে তিনি মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’য় অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদ পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। ২০০৮ সালে তিনি মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসি চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি একই চলচ্চিত্রের তাঁর সহশিল্পী চম্পার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

বিনোদন প্রতিবেদক