মোশাররফ করিমের সঙ্গে ‘কন্ট্রাক্ট’ করলেন মিতু
বিজ্ঞাপন-সিনেমার পর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘কন্ট্রাক্ট’ করলেন মডেল-অভিনেত্রী জাহারা মিতু। এরই মধ্যে ‘কন্ট্রাক্ট’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করেছেন দুজন। এটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি, কাওরানবাজারসহ বেশকিছু লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে এনটিভিতে সাত পর্বের ধারাবাহিকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
শামীম জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের সময় দর্শক একটু হাস্যরসের গল্প দেখতে চায়। আবার কিছু দর্শক আছেন, যাঁরা সব সময়ই সিরিয়াস নাটক পছন্দ করেন। আমি এই সাত পর্বের ধারাবাহিকের মধ্য দিয়ে এই দুই শ্রেণির দর্শককেই তুষ্ট করব। কারণ হাস্যরসের মধ্য দিয়ে জীবনের সিরিয়াস গল্প নিয়ে নির্মাণ করেছি। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’
জাহারা মিতু বলেন, “আমাকে ‘কন্ট্রাক্ট’-এ সাংবাদিক চরিত্রে দর্শক দেখতে পাবেন। এখানে আমার চরিত্রের নাম জুলি। মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে আমাকে দেখা যাবে। বেশ চ্যালেঞ্জিং চরিত্র ছিল এটি। থ্রিলার ঘরানার গল্প। আর মোশাররফ করিম ভাইয়ের মতো অসাধারণ একজন অভিনয়শিল্পীর পাশাপাশি শামীম জামান ভাইয়ের পুরো টিমটি ছিল গোছানো। কাজটি করে বেশ ভালো লেগেছে।’
জাহারা মিতু। ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। বর্তমানে নাটক ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত মিতু।
এরই মধ্যে যুক্ত হয়েছেন চলচ্চিত্রে। প্রথম চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছাড়া আরো কয়েকটি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে তাঁর জুটিবাঁধার গুঞ্জন শোনা যাচ্ছে।
খুব শিগগিরই ‘আগুন’ সিনেমার কাজ শুরু হবে বলে জানান মিতু। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

বিনোদন প্রতিবেদক