রাতে ‘শহরালী’
দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘শহরালী’। আজ ও আগামীকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এই ধারাবাহিক নাটকটি। আজ নাটকের ১০৭তম পর্ব প্রচার হবে।
প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই নাটক এনটিভিতে প্রচার হয়ে থাকে। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা এজাজ মুন্না।
নাটকের গল্পে দেখা যায়, শহরালী নামের এক শিক্ষিত বেকার যুবক বন্ধুর সন্ধানে জীবনে প্রথম ঢাকা শহরে এসে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। অসহায় শহরালী বন্ধুর ঠিকানা হারিয়ে কোনো উপায় খুঁজে পায় না। সে জানে তার বন্ধু এ শহরেই থাকে। তাই তো সে বেঁচে থাকার সংগ্রামে নামে। শুরু হয় সিকিউরিটি গার্ড হিসেবে তার পথচলা। ছোট্ট চাকরি করার পাশাপাশি সে প্রতিনিয়ত বন্ধুর খোঁজে বের হয়। কিন্তু এই বিশাল শহরে বন্ধুকে খুঁজে পাওয়া কি সহজ? বন্ধুকে খুঁজতে গিয়ে নানা সমস্যায় পড়ে সে। নানারকম মানুষের সঙ্গে পরিচয়ের পর্বে একটি মেয়ের সঙ্গে তার অন্তরঙ্গতা হয়। মেয়েটিই তার শহরে থাকার অবলম্বন। জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শহরালী এগিয়ে যেতে থাকে ঠিকই। কিন্তু সন্ধান কি পায় তার বন্ধু সুজনের? এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, রিমি করিম, তামিম মৃধা, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার, মিলি বাশার, শফিক খান দিলু, এ টি এম রাসেল প্রমুখ।

বিনোদন প্রতিবেদক