লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী
অভিনেতা আমির সিরাজী। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার খল অভিনেতা আমির সিরাজী শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর রামপুরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন অভিনেতার বড় মেয়ে নুরজাহান সিরাজী। তিনি বলেন, ‘ডাক্তাররা বলছেন বাবার অবস্থা আগের চেয়ে ভালো, তবে তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন। আমি দেশবাসীর কাছে আমার বাবার জন্য দোয়া চাই।’
যাত্রাপালায় অভিনয় করা আমির সিরাজী ১৯৮৪ সালে অভিনয়ের জন্য ঢাকায় আসেন। মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। খল অভিনেতা হিসেবে তিনি বেশি জনপ্রিয়।

বিনোদন প্রতিবেদক