‘শূন্য ঠিকানায়’ মিলন-অপর্ণা
ছোট পর্দার প্রিয়মুখ আনিসুর রহমান মিলন ও অপর্ণা ঘোষ। সম্প্রতি তাঁরা জুটি হয়ে ‘শূন্য ঠিকানায়’ শিরোনামের একক নাটকে অভিনয় করেছেন। সরকার মিডিয়া নিবেদিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন লিটু করিম। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, শিখা মৌ, আলভিকাসহ অনেকে।
নাটকের গল্প প্রসঙ্গে লিটু করিম বলেন, ‘একই গ্রামে বাস করে জহির ও রুবি। ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয় দুজন। কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলে, কেউ বুঝতে পারেনি। রুবির বিয়ে হয়ে যায় একই গ্রামের মজিদ মিয়ার সঙ্গে। রুবির বিয়ের পর জহির বুঝতে পারে, রুবি ছাড়া তার জীবন অন্ধকার। সে বারবার রুবির মুখোমুখি দাঁড়ায়, ফিরে পেতে চায় রুবিকে। গল্পের চলমান গতিতে পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকে মজিদ মিয়া। আশা করছি, গল্পটি দর্শক-হৃদয়ে জায়গা করে নিতে পারবে।’
অর্পণা ঘোষ বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ নয়। এর আগেও একাধিক কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকের গল্পও অনেক সুন্দর। ঈদের আমেজ আছে গল্প ও মেকিংয়ে। আশা করি, সবাই আনন্দ নিয়ে নাটকটি উপভোগ করবেন।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকের গল্প একেবারেই ব্যতিক্রমী। চরিত্রে রয়েছে ভিন্নতা। আশা করছি, দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে।

বিনোদন প্রতিবেদক