জাজে মাহির ফেরার খবর ঠিক নয় : আলিমুল্লাহ
‘মাহিকে নিয়ে আর কোনো সিনেমা নির্মাণ করা হবে না, কারণ এতে জাজের সুনাম নষ্ট হবে, এটা জাজের অফিসিয়াল ডিসিশন’- এভাবেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে কথা বলছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই মাহির চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু হয়। মঝে যা হয়েছে তা এরই মধ্যে সবাই জানেন। একটি ভিডিওক্লিপে তথাকথিত মাহিকে আপত্তিকর দৃশ্যে দেখা গেছে- এমন অভিযোগে জাজ থেকে বের করে দেওয়া হয় মাহিকে। কিন্তু কয়েকদিন ধরেই মাহির জাজে ফেরার গুজব শোনা যাচ্ছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান আলিমুল্লাহ বলেন, ‘এই খবর গুজব মাত্র। এটি সত্য নয়। মাহি জাজে এখনো নিষিদ্ধ।’
আলিমুল্লাহ আরো বলেন, ‘গত ৭ জুন মাহি কলকাতা গিয়েছিল ‘অগ্নি ২’ ছবির ডাবিং করতে। ওখানে মাহির সাথে আমাদের চেয়ারম্যান আবদুল আজিজের দেখা হয়। সেজন্যই খবর ছড়িয়ে পড়ে মাহি আবার জাজে ফিরছে। পরিচিত মানুষের সাথে দেখা হলে কথা হবে এটাই স্বাভাবিক। তবে এর মানে এই নয় যে মাহি জাজে আবার কাজ করবে।’
‘অগ্নি ২’ ও ‘অনেক দামে কেনা’ ছবি দুটি জাজ প্রযোজিত ছবি এবং এ দুটিতে অভিনয় করেছেন মাহি। এসব ছবি এখনো মুক্তি পায়নি। ছবি দুটির ভবিষ্যৎ জানতে চাইলে আলিমুল্লাহ বলেন, ‘এই দুটি ছবিতেই মাহির কাজ শেষ। যে কারণে এই ছবিগুলোতে কোনো সমস্যা হবে না। আর ছবি সময়মতো সিনেমা হলে মুক্তি পাবে। দর্শক তাকে গ্রহণ না করলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। এটা মেনে নিয়েই আমরা ছবি দুটি মুক্তি দিব।’
এ বিষয়ে ফোনে চিত্রনায়িকা মাহির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এনটিভির পক্ষ থেকে একাধিকবার এসএমএস করা হলেও মাহি কোনো সাড়া দেননি।
মাহিকে নিয়ে একটি ভিডিওচিত্র প্রকাশ এবং প্রযোজক আরশাদ আদনানকে কেন্দ্র করে যে সমালোচনার ঝড় উঠেছে, সেটির ওপর ভিত্তি করেই মাহিকে কালো তালিকাভুক্ত করার কথা ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। সম্প্রতি প্রযোজক আরশাদ আদনানকে নিয়ে তিনি আবারও কলকাতা যান নায়ক দেবের সাথে কাজের বিষয়ে কথা বলতে।
মাহি জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এ ছাড়া ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়া মন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘ময়নামতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘ওয়ার্নিং’ ও ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে কাজ করেছেন মাহি।
ক্যাপশন : মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

মাজহার বাবু