বন্যা-পরবর্তী মানবিকতার বার্তা, আবেগঘন পোস্টে যা বললেন স্পর্শিয়া
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে পানি সরে গেলেও দুর্যোগের প্রভাব এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি, অসহায় মানুষের দুর্ভোগ ও অবোলা প্রাণীদের নিরাপত্তার বিষয়টি সামনে এনে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, ‘বন্যার পানি একসময় সরে যায়। কিন্তু যে ক্ষত রেখে যায়, সেটা শুকাতে অনেক সময় লাগবে। পানি নেমে যাওয়ার পরই শুরু হয় আরেকটি নীরব সংকট। দূষিত পানির কারণে ছড়িয়ে পড়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ নানা সংক্রমণ। তাই এখন থেকেই বিশুদ্ধ পানি পান করুন, খাবার ভালোভাবে সংরক্ষণ করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং আশপাশের মানুষদেরও সচেতন করুন। বিশেষ করে আমাদের সবচেয়ে অসহায় মানুষগুলোর দিকে একটু বেশি নজর দিন। ঘরের বৃদ্ধ সদস্য, গর্ভবতী মা, ছোট্ট শিশুরা এবং অসুস্থ মানুষ, তাদের জন্য এই দুর্যোগ অনেক বেশি কঠিন।’
তার কথায়, ‘আর একটি কথা, যা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের গৃহপালিত প্রাণী আর পথের অবোলা প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। ওরাও ভয় পায়, ওরাও ক্ষুধার্ত হয়, ওরাও আশ্রয় খোঁজে। যদি আপনার সামর্থ্য থাকে, একটি শুকনো জায়গা আর একবেলা খাবারের ব্যবস্থা করুন। আপনার ছোট্ট এই মানবিকতাই হয়তো একটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে।’
সবশেষে স্পর্শিয়া লিখেছেন, ‘এই দুর্যোগে সবচেয়ে বড় প্রয়োজন শুধু অর্থ নয়, প্রয়োজন দায়িত্ববোধ, সচেতনতা আর একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। কারণ একটি শক্তিশালী দেশ শুধু বড় বড় স্থাপনায় তৈরি হয় না; তৈরি হয় এমন মানুষ দিয়ে, যারা সংকটের সময় অন্যের হাত ধরে।’

বিনোদন ডেস্ক