শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে মৌসুমী
যৌথ প্রযোজনার ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে আজ ১৭ জুন স্কটল্যান্ড গেছেন নায়িকা মৌসুমী। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনার নতুন এই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। আগামীকাল এই ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। গত ১০ জুন দেশ ছাড়ার কথা থাকলেও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মৌসুমীসহ পুরো টিমের স্কটল্যান্ডে যাওয়া হয়ে ওঠেনি।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমাদের স্কটল্যান্ডে যাওয়া হয়নি। ভিসা সংক্রান্ত সব ধরনের জটিলতা শেষ করেছি। কয়েক ধাপে আমাদের টিম সেখানে পাঠিয়েছি। আজ ১৭ জুন মৌসুমী স্কটল্যান্ড গেছেন, বাকি টিমের সদস্যরা আগামীকাল যাবে। আমিও থাকব সেই টিমে।’
‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপিকা নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনায় থাকছেন শওকত আলী ইমন, ইমন সাহা, আকাশ ও স্যাভি। চলচ্চিত্রটির বেশির ভাগ দৃশ্যায়ন স্কটল্যান্ডে হবে। বাকি দৃশ্যধারণ করা হবে বাংলাদেশ ও ভারতে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কলকাতার অশোক পতি এবং বাংলাদেশের আব্দুল আজিজ।

মাজহার বাবু