ক্রিকেটের তোড়ে ‘রাজাবাবু’ প্যাক আপ
গতকাল রোববার ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। যাঁরা খেলা দেখেছেন, তাঁরা জানেন কী টানটান উত্তেজনা নিয়ে এ দেশের মানুষ খেলাটি উপভোগ করেছে। এই ক্রিকেট উন্মাদনা থেকে বাইরে থাকেননি ঢালিউডের তারকা ও কলাকুশলীরাও।
গতকাল ঢাকার উত্তরায় চলছিল ‘রাজাবাবু’ ছবির শুটিং। ছবিটিতে অভিনয় করছেন নায়ক শাকিব খান। খেলার উত্তেজনায় শুটিং থামানোর কোনো পরিকল্পনা ছিল না পরিচালক বদিউল আলম খোকনের। কিন্তু এই খেলা এমন খেলা যে চোখ সরানো দায়। কারণ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাই ইফতারের পর পরিচালক যখন এক ফাঁকে খেলা দেখতে বসেন, অন্যরাও জড়ো হয়ে যান খেলা দেখতে। আর বল-ব্যাটের লড়াই দেখতে দেখতে কখন যে ১১টা বেজে যায়, সেদিকে আর খেয়াল থাকে না কারো। কাজেই শেষ পর্যন্ত শুটিং প্যাক আপ করা ছাড়া উপায় থাকে না। খেলার জন্য এক সন্ধ্যা শুটিং হয়নি তাতে কি? তারপরও পরিচালকসহ সবার মুখেই ছিল হাসি। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করতে পেরেছে।
প্রতি ঈদে বদিউল আলম খোকন তৈরি করে থাকেন বড় বাজেটের তারকাবহুল ছবি। এই রোজার ঈদে তিনি কোনো ছবি মুক্তি না দিলেও আগামী কোরবানির ঈদের জন্য এখনই তৈরি করছেন তারকাবহুল ছবি ‘রাজা বাবু’।
এ ছবিতে শাকিব ও অপু ছাড়া আরো অভিনয় করছেন উজ্জ্বল, দিতি, ওমর সানী, ববি, শাহনূর, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, প্রবীর মিত্র, সুব্রত, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।

মাজহার বাবু