রোজা রেখেই শুটিং তারকাদের
রোজার দিনেও থেমে নেই ছবির শুটিং। অধিকাংশ পরিচালক ও তারকাই এখন ব্যস্ত ঈদের ছবি নিয়ে। গতকাল ২১ জুন আশুলিয়ার একটি শুটিং হাউসে গিয়ে দেখা গেল, শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নায়ক অমিত হাসান ও মারুফ। ক্যামেরার সামনে তাঁরা মারামারির অভিনয় করছিলেন।
শুটিংয়ের ফাঁকে খলনায়ক অমিত হাসান বলেন, ‘গত রাতে আম আর মুড়ি খেয়ে রোজা রেখেছি। ফাইট করতে এমনিতেই কষ্ট হয়। কিন্তু দিনটা কীভাবে চলে যাচ্ছে টেরই পেলাম না’।
নায়ক মারুফ বলেন, ‘রাত সোয়া ৩টায় উঠে কোনো রকম কিছু খেয়েছি। তারপরও ভালো লাগছে, আর মনে হচ্ছে সেহরিতে কম খেলে সারা দিন শরীর ভালো থাকে।’ ছবি সম্পর্কে কাজী মারুফ বলেন, ‘আমি সাধারণত সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করি। এ সিনেমা বাংলাদেশের গার্মেন্টসশিল্পকে ঘিরে খুব সুন্দর একটি কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে।’
পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে আমাদের এই ছবি। নায়িকা পুষ্পিতা পপি বাংলাদেশের পোশাকশিল্পকে ধ্বংস করতে এ দেশে আসে। এরপর সে দেখে এই দেশের মানুষের জীবন খুব সাধারণ। কষ্ট করে এখানকার মানুষ চাকরি করে। তারা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর সে বাংলাদেশের পক্ষে কাজ করতে শুরু করে। এমনই একটি গল্প নিয়ে তৈরি করছি এই ছবিটি। আশা করি সবার ভালো লাগবে।’
ছবিটি সম্পর্কে পুষ্পিতা পপি বলেন, ‘এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো মারুফ ভাইয়ের সঙ্গে কাজ করব। এটির গল্পও অনেক ভালো লেগেছে। অ্যাকশন ঘরানার এ ছবিতে বিলেতফেরত এক ধনাঢ্য পরিবারের মেয়ে হিসেবে অভিনয় করতে যাচ্ছি। গল্পে আমি একটি ক্রাইম করতে এসেছি, পরে এদের জীবন দেখে আমি পোশাকশ্রমিকদের পক্ষ নিই।’
গত ১৩ জুন ঢাকার আশুলিয়ায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘বিধ্বস্ত প্রেমিক’ চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এতে অভিনয় করছেন অমিত হাসান, কাজী মারুফ, পুষ্পিতা পপি ও অরিন। ছবির চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ। এতে গান থাকবে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান থাকবে। গানগুলোতে কণ্ঠ দেবেন পড়শি, আরেফিন রুমি, মনির খান ও বেবি নাজনীন।

মাজহার বাবু