রবীন্দ্র জয়ন্তীতে এনটিভির বিশেষ আয়োজন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ বৈশাখ। তাঁর জন্মদিন উপলক্ষে আগামীকাল সোমবার এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। চলুন জেনে নিই, কী কী অনুষ্ঠানমালা থাকবে।
বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’
ভোর ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’। কৃষ্ণকলি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আলফ্রেড খোকন।
বিশেষ নাটক ‘অপরিচিতা’
দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘অপরিচিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম, সাব্বির আহমেদ, ওয়াহিদা মল্লিক, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবিহা জামান, অশোক ব্যাপারী প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে এমন, দুই পরিবারের মধ্যে বিবাহের কথা বার্তা চলতে থাকে, সেই অনুযায়ী মেয়ে পক্ষের বাড়িতে যায় ছেলে পক্ষ। ছেলের সঙ্গে মা ও মামা, আর কনে তার বাবার একমাত্র কন্যা সন্তান, ছেলের মামা একটু সন্দেহ প্রবণ মানুষ, সে বিবাহের দিন কনে পক্ষের দেওয়া সব অলংকার পরীক্ষা করে। তারই পরিপ্রেক্ষিতে কনের বাবা এই পরিবারের সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে না বলে জানিয়ে দেয়। পরবর্তী সময়ে অনেক পাত্র এলেও কনে আর বিয়ে করেনি। বহুদিন পর ছেলে রেলে করে দূরে কোথাও যাবে বলে স্টেশনে বসে আছে। সেখানে একজন লোক অন্যায় করলে একজন নারী তার প্রতিবাদ করে। আলাপ পরিচয়ের একপর্যায়ে মেয়েটি যখন স্টেশন ত্যাগ করে, তখন ছেলেটি বুঝতে পারে এই সেই অপরিচিতা, যার সঙ্গে তার বিয়ের আয়োজন হয়েছিল এবং সে এখনো অবিবাহিত।
বিশেষ অনুষ্ঠান ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’।
দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’। বিশ্ব মানবতা ও মুক্তি নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা ও সৃষ্টি এই অনুষ্ঠানের উপজীব্য। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী মাহিদুল ইসলাম ও মুনিরা ইউসুফ মেমী। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত, নূসরাত ও তানজিন তমা। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী।
বিশেষ অনুষ্ঠান ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চাঁদনী, আনিসুর রহমান মিলন, আজিজুর রহমান তুহিন, নাজনীন চুমকি, সীমা হুদা প্রমুখ।
বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নিশা, তাজিয়া, চাঁদনী, সোহেল, তিথি ও জয়ন্তী।
বিশেষ নাটক ‘সাধারণ মেয়ে’
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সাধারণ মেয়ে’। রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ কবিতার অনুপ্রেরণায় চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আরমান পারভেজ মুরাদ, শামস সুমন, তানভীর, মুনমুন আহমেদ, হারুনুর রশীদ, মাজনুন মিজান প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, মালতী একটি জেলা শহরে মঞ্চে নাটক করে। হঠাৎ করেই তার সুযোগ এসে গেল রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে একটি টেলিভিশন নাটকে অভিনয় করার। অভিনয় করতে গিয়ে মালতী তার নিজের জীবনের একটি গল্প ওই নাটকের পরিচালক শ্যামলকে বলে। শ্যামল বিস্মিত হয়ে লক্ষ করল রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ কবিতার মালতীর সঙ্গে বর্তমানের এই মালতীর চিন্তা-ভাবনা-ইচ্ছে এবং মালতীর জীবনে ঘটে যাওয়া ঘটনার অদ্ভুত সাদৃশ্য আছে। রবীন্দ্রনাথ যেন সব যুগের মালতীদের কথা ভেবে ওই কবিতাটি লিখেছেন।
মিউজিক ভিডিওর অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে মিউজিক ভিডিওর বিশেষ অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানটিতে রবীন্দ্রনাথের জনপ্রিয় গানের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, আসিফ, অমৃতা খান প্রমুখ।

ফিচার ডেস্ক