চলে গেলেন অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিনের এজেন্ট ফিল বেলফিল্ড। তার বিদায়ে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ফিল বেলফিল্ড বলেন, ব্রেন্ডার মতো মানুষ আর আসবে না। তার চলে যাওয়ায় বিশ্বের অভিনয়জগৎ অপূরণীয় ক্ষতির মুখে পড়ল।
‘মাই লেফট ফুট’ সিনেমায় ক্রিস্টি ব্রাউনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন ব্রেন্ডা। এর মাধ্যমে ইতিহাসের প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন ড্যানিয়েল ডে-লুইস।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ছিল ব্রেন্ডা ফ্রিকারের সমান দাপট। জনপ্রিয় মেডিকেল নাটক ‘ক্যাজুয়ালটি’ তে নার্স মেগান রোচ চরিত্রে ১৯৮৬ সালে প্রথম অভিনয় করেন তিনি। এরপর ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। এ ছাড়া ‘হোম অ্যালোন টু’-সিনেমাতে সেন্ট্রাল পার্কের কবুতরপ্রেমী বৃদ্ধার চরিত্রে তার অভিনয়ও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ক্যাজুয়ালটি’র সহ-অভিনেতা ডেরেক থম্পসন ও ক্যাথি শিপটন। তারা ব্রেন্ডাকে অসাধারণ প্রতিভাবান, প্রাণবন্ত ও রসবোধসম্পন্ন মানুষ হিসেবে স্মরণ করেছেন।
ডাবলিনে জন্ম নেয়া ব্রেন্ডা অভিনয়জীবন শুরু করেন টেলিভিশন ও মঞ্চে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘করোনেশন স্ট্রিট’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’ এবং ‘ভেরোনিকা গেরিন’। তার মৃত্যুতে আয়ারল্যান্ডসহ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিনোদন ডেস্ক