বাপ্পি-মুগ্ধতার ‘মিসকল’
নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন বাপ্পি, সাথে নতুন নায়িকা মুগ্ধতা। ছবির নাম ‘মিসকল’, পরিচালক সাফি উদ্দিন সাফি। গতকাল ২৭ জুন শনিবার সন্ধ্যায় ছবিটির মহরত অনুষ্ঠিত হলো সংগীত পরিচালক শওকত আলী ইমনের স্টুডিও ভেলোসিটিতে।
মুগ্ধতা ছোটবেলা থেকে নাচ শিখেছেন। আলাদা করে কোথাও অভিনয় না শিখলেও ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে টুকটাক পারফর্ম করেছেন অভিনয়ের মাধ্যমে। এখনো পড়ালেখা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
নায়ক বাপ্পি বলেন, ‘আমি চেষ্টা করব এ ছবিতে নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করার। এ ধরনের চরিত্রে এর আগে কখনো অভিনয় করিনি। সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ছবিতে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করব, যে কি না সারাদিন সফটওয়্যার নিয়ে বিভিন্ন গবেষণায় ব্যস্ত। সাফি স্যারকে ধন্যবাদ এমন চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
নবাগত নায়িকা মুগ্ধতা বলেন, ‘সাফি ভাইয়া ফেসবুকে নায়িকা চেয়ে স্ট্যাটাস দিলে তাঁর সাথে যোগাযোগ করি। উনি পছন্দ করলেন। গল্প ও চরিত্র শুনলাম। ভালো লাগল। ব্যস! চুক্তিবদ্ধ হয়ে গেলাম।’
পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘খুবই ভালো লাগছে। এই ছবিতে শওকত আলী ইমনের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। আশাকরি গানটি দর্শকদের ভালো লাগবে। সবাই আমাদের নতুন ছবির জন্য দোয়া করবেন। পরের গানগুলোও বেশ ভালো লাগবে। ছবিটির গল্প ভিন্ন ধরনের, দর্শকদের ভালো লাগবে। দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন বলে আশা রাখি।’
পরিচালক আরো জানান, সেপ্টেম্বর নাগাদ ছবিটির কাজ শুরু করার কথা রয়েছে। গানগুলোর শুটিং ভিয়েতনামে হওয়ার কথা রয়েছে।

মাজহার বাবু