চার তারকার ‘অবশেষে কাছে এসে’
ইন্তেখাব দিনার ও নাদিয়া আহমেদ অভিনীত জনপ্রিয় কমেডি একটি নাটক ‘অবশেষে নিষ্পত্তি’। গত বছর ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হয়েছিল। নাটকটি লিখেছেন গীতিকবি ও নাট্যকার সহিদ রাহমান। নাটকটি পরিচালনা করেছেন জামাল উদ্দিন জামিল।
আসছে ঈদ উপলক্ষে সহিদ রাহমান নাটকটির ধারাবাহিকতা বজায় রেখে আরেককটি নাটক লিখেছেন। নাটকের নাম ‘অবশেষে কাছে এসে’। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে অভিনয়শিল্পী ও পরিচালকের কোনো পরিবর্তন আসেনি। তবে নাটকের গল্পে এসেছে নতুন মোড়। এমনটিই জানিয়েছেন সহিদ রাহমান। নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
সহিদ রহমান আরো জানান, এবার নাদিয়াকে দিনারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে না। নতুন এ পর্বে দিনারের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী প্রসূন আজাদ। আর নাদিয়ার সঙ্গে আছেন গুণী অভিনেতা আজাদ আবুল কালাম। এ নাটকটি মূলত দুই জুটির মজার গল্প নিয়ে এগিয়েছে। এখানে আজাদ আবুল কালাম খুবই অলস প্রকৃতির একজন লোক। সাধারণত আজাদ আবুল কালামকে গুরুগম্ভীর চরিত্রে দেখা যায়। তবে এই নাটকে তাঁকে একেবারে ভিন্নরূপে দেখা যাবে। তিনি চলচ্চিত্রের নায়কদের মতো গানের সঙ্গে নাদিয়াকে নিয়ে নেচেছেন, কমেডিও করেছেন।
অন্যদিকে, নাদিয়া আহমেদ বলেন, ‘এ নাটকের আগের পর্বটি করে অনেক মজা পেয়েছিলাম। নাট্যকার সহিদ রাহমান খুবই সূক্ষ্ম কিছু মজার ঘটনা তুলে এনেছিলেন। এবারের পর্বটি আরো মজার। বিশেষ করে আজাদ আবুল কালাম ভাইয়ার সঙ্গে কমেডি অভিনয় আমি খুব উপভোগ করেছি। আশা করছি, দর্শকও এই ভিন্নতা পছন্দ করবেন।’


ফিচার ডেস্ক