বর্ষপূর্তিতে এনটিভির বিশেষ আয়োজন
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামীকাল ৩ জুলাই। এ উপলক্ষে এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। চলুন দেখে নিই, বর্ষপূর্তিতে এনটিভির আয়োজনে কী কী থাকছে।
সামিনা চৌধুরীর একক সংগীতানুষ্ঠান : কবিতা পড়ার প্রহর
ভোর ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর একক সংগীতানুষ্ঠান ‘কবিতা পড়ার প্রহর’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এই অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখন্দের সুরারোপিত জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন শিল্পী সামিনা চৌধুরী। গানগুলো হলো—বন্ধন ছিঁড়ে ফেল না, কে ঐ যায় রে, কোন কথা বলো না, পলাতক আমি বহু জনপদ ঘুরে, কে বাঁশি বাজায় রে, তুমি কি দেখেছ পাহাড়ি ঝর্ণা, পলাতক সময়ের হাত ধরে।
বিশেষ নৃত্যানুষ্ঠান : নিতি নৃত্যে
ভোর ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নিতি নৃত্যে’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তানজিন তিশা, রথি, অনন্যা ও তিথি কবির। এই অনুষ্ঠানে জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা।
সংগীতানুষ্ঠান : আজ সকালের গানের বিশেষ পর্ব, সরাসরি
সকাল ৮টা ২০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গানে’র বিশেষ পর্ব। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন শিল্পী ফাহমিদা নবী।
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি : মাই নেম ইজ খান
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মাই নেম ইজ খান’। বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, নূতন, প্রবীর মিত্র, উজ্জল, সোহেল রানা প্রমুখ।
বিশেষ অনুষ্ঠান : তারার সাথে তারার গল্প
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তারার সাথে তারার গল্প’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শারমিন লাকী। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন অভিনেতা মোশাররফ করিম, রওনক হাসান, দীপঙ্কর দীপন, সংগীতশিল্পী পুতুল ও মাহাদী।
বিশেষ সংগীতানুষ্ঠান : একই সুরে গাঁথা
দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘একই সুরে গাঁথা’। নুজহাত সওমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি, দিনাত জাহান মুন্নী, সাব্বির, রাজিব, লিজা ও মুহিন।
বিশেষ টেলিফিল্ম : মৌরানী
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘মৌরানী’। আনিসুল হকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। এতে অভিনয় করেছেন রিয়াজ, তিশা, মৌসুমি হামিদ, ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ফয়সাল রাজীব একজন কবি, পাশাপাশি একটি দৈনিক পত্রিকার বিনোদন সম্পাদক। অফিস এবং কবিকর্ম থেকে দুদিনের ছুটি নিয়ে গর্ভবতী স্ত্রী শিলুকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে ফয়সাল রাজীব। শিলুকে নিয়ে এই প্রথম ফয়সালের গ্রামে আসা। তাই গ্রামের রেলস্টেশন, ফয়সালের ছোটবেলার স্কুলের সব স্মৃতিময় জায়গা ঘুরে ঘুরে শিলুকে দেখাচ্ছে ফয়সাল। তারই ধারাবাহিকতায় ফয়সালের স্কুলের সহপাঠী রূপার প্রসঙ্গ চলে আসে। শিলু ফয়সালকে জিজ্ঞাসা করে, রূপা এখন কোথায়? রূপাকে আবার নতুন করে খুঁজতে শুরু করে ফয়সাল। সেই সহজ-সরল রূপা কেমন করে আজকের মৌরানী হয়ে উঠল?
সংগীতানুষ্ঠান : ফ্রেশ বিট ব্যান্ড
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে একক নৃত্যানুষ্ঠান ‘ফ্রেশ বিট ব্যান্ড’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন নকিব খান, পুতুল, মেহরাব ও বাবু।
বিশেষ নাটক : ভালোবাসি আজও
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসি আজও’। জাফরীন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমূল হক বাপ্পী। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, নাঈম, কাজী উজ্জ্বল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, প্রতিদিনের মতো আজও অফিস শেষে আবির শিঙাড়া খেতে আসে তার পরিচিত দোকানটিতে। হঠাৎ তার চোখ পড়ে ছেঁড়া এক টুকরো কাগজে, যেটা দিয়ে শিঙাড়া দেওয়া হয়েছে তাকে। কাগজের লেখাগুলো তার অনেক চেনা। কাগজের সূত্র ধরে সে দোকানির কাছ থেকে আরিশার একটি ডায়েরির সন্ধান পায়। ডায়েরি লিখতে ভালোবাসত আরিশা। আবির ফিরে যায় সেই ১০ বছর আগে। ভালোবেসে একটি চিঠি দিয়েছিল আবির আরিশাকে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই আরিশা কানাডা চলে যায়। পরে আবির জানতে পারে, ওখানে আরিশার বিয়ে হয়ে গেছে। কিন্তু ১০ বছর পর এই ডায়েরি পাওয়ার পর আবির জানতে পারে, আরিশা তাকে ভালোবাসে। আবির হণ্যে হয়ে খুঁজতে থাকে আরিশার ঠিকানা। এরই মাঝে আবিরের স্কুলফ্রেন্ড সামির দেশে ফেরে অনেক বছর পর। আবিরকে সে তার বিয়ের সব দায়িত্ব বুঝিয়ে দেয়। আবিরকে হবু বউয়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায় সামির।
১৫ বছরে এনটিভি : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘১৫ বছরে এনটিভি : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’। সাংবাদিক জহিরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ। ৬০ মিনিট ব্যাপ্তির অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন ডেইলি স্টার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

ফিচার ডেস্ক