এবার জয়কে ‘অরিজিনাল চাবুক’ মারার হুমকি ওমর সানীর
চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ফুটবল–কেন্দ্রিক মজার লড়াই এবার নতুন মোড় নিয়েছে। লিওনেল মেসিকে ঘিরে জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের জবাব দিয়েছেন ওমর সানীও।
সোমবার (১৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী লিখেছেন, “শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট: খেলাধুলা, ফান।”
পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র আধা ঘণ্টায় এতে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এবং সাত শতাধিক মন্তব্য জমা পড়ে। অধিকাংশ নেটিজেনই বিষয়টিকে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ রসিকতা হিসেবেই দেখেছেন।
ঘটনার শুরু ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে। সেখানে তিনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে লেখেন, “ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমাতে ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।”
জয়ের সেই পোস্টও দ্রুত ভাইরাল হয় এবং মন্তব্যের ঘরে শুরু হয় তর্ক-বিতর্ক।
পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, পুরো বিষয়টি ছিল নিছক মজা। তার ভাষায়, “খেলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। কিন্তু খেলার কারণে মানুষে মানুষে বিভক্তি বা ভুল–বোঝাবুঝি তৈরি হওয়া উচিত নয়। ওমর সানী ভাই খুবই সরল-সোজা মানুষ। তিনি আমার প্রিয় খেলোয়াড় মেসিকে নিয়ে কথা বলেছেন, তাই মজা করেই পোস্টটি দিয়েছি। ভুল করেও অন্যভাবে দেখার কিছু নেই।”
অন্যদিকে ওমর সানীও নিজের সর্বশেষ পোস্টে ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ উল্লেখ করে স্পষ্ট করেছেন, এটি ব্যক্তিগত বিরোধ নয়; বরং ফুটবলকে ঘিরে দুই সহকর্মীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি। তবে তাদের এই পাল্টাপাল্টি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিনোদন ডেস্ক