‘বাহুবলি’তে কাজ করেছে ‘জুরাসিক’ টিম
‘বাহুবলি’ ছবি নিয়ে উন্মাদনা চলছে পুরো ভারতে। মুক্তির দিনেই ছবিটি আয় করেছে ৫০ কোটি রুপি। অবশ্য যে ছবির বাজেট ২৫০ কোটি রুপি, তার কি এমন আয় না করলে চলে! ‘বাহুবলি’ নিয়ে আগ্রহও তৈরি হয়েছে বিপুল। ইন্ডিয়াটিভি নিউজে জানা গেল এ ছবি নিয়ে ১০টি বিশেষ তথ্য। আপনিও জেনে রাখতে পারেন।
১. ‘বাহুবলি’ আর ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির মধ্যে একটি মিল রয়েছে। দুটি ছবিরই স্পেশাল ইফেক্টের জন্য কাজ করেছে একই নির্মাতা দল!
২. এই ছবিতে কমপ্লেক্স কম্পিউটার জেনারেটরি ইমেজ (সিজিআই) এবং ভিএফএক্সের ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে, ছবির প্রায় ৯০ শতাংশ সময়েই এসবের ব্যবহার রয়েছে। ছবির নির্মাতারা এই কাজের জন্যই খরচ করেছেন ৮৫ কোটি রুপি।
৩. ‘বাহুবলি’ পুরো উপমহাদেশে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ছবি। প্রায় চার হাজার পর্দায় একইসাথে মুক্তি পেয়েছে ছবিটি।
৪. এই ছবির অ্যাকশন দৃশ্যে কাজ করার জন্য আলাদা ট্রেনিং নিতে হয়েছে শিল্পীদের। এ জন্য ভিয়েতনাম থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষক। প্রভাস, রানা দগ্গুবাতি বা সত্যরাজ তো বটেই, নায়িকা আনুশকা শেঠিকেও মারপিটের তালিম নিতে হয়েছে।
৫. এই ছবির জন্য প্রভাস এবং রানা, দুজনকেই শরীরের ওজন বাড়াতে হয়েছে প্রায় ১০০ কেজি! এজন্য প্রতিদিন তাঁদের ৬-৮ বার খাওয়া-দাওয়া করতে হয়েছে। খাওয়ার মেন্যু ছিল একদম নিরামিষ। লক্ষ্য ছিল প্রতিদিন প্রায় চার হাজার ক্যালরির খাবার খাওয়া।
৬. প্রভাস এই ছবির কাজের জন্য তাঁর বিয়ে স্থগিত করে দিয়েছিলেন!
৭. এই ছবি বানাতে সময় লেগেছে প্রায় তিন বছর। এর মধ্যে শুটিং সেট নির্মাণেই লেগেছে দুই বছর।
৮. ৬০০ কলাকুশলী এবং ১৭টি ভিএফএক্স স্টুডিও একযোগে কাজ করেছে এই ছবি বানানোর জন্য। ডবল শিফটে কাজ করেও ছবির কাজ সময়মতো শেষ করা সম্ভব হয়নি। দুই পর্বের এই ছবির প্রথমটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ মে।
৯. এই ছবির পোস্টার নাম লিখিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশালাকৃতির এই পোস্টারের মাপ পুরো ৫১ হাজার বর্গফুট!
১০. ছবির উন্নত মানের জন্য ‘বাহুবলি’ শুট করা হয়েছে ১৬:৯ রেশিওতে।

সামি আল মেহেদী