তারকা দম্পতির গল্প নিয়ে ‘সম্পর্কের জাল’
‘একজন পরিচালকের স্ত্রী অভিনেত্রী। নিজের স্ত্রীকে কাজ নিয়ে অনেক উৎসাহিত করেন সেই পরিচালক। স্ত্রীকে ভালোবাসেনও অনেক তিনি। তবে একবার হিরোর সঙ্গে নিজের স্ত্রীর একটি দৃশ্য কোনোভাবে মানতে পারছিলেন না সেই পরিচালক। তখনই নাটকের গল্পের মোড় নেয় অন্যদিকে’ - ‘সম্পর্কের জাল’ নাটকের গল্প নিয়ে এনটিভি অনলাইনকে কথাগুলো বলেছেন পরিচালক সুমন আনোয়ার।
নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিলা হোসেন। তাঁর বিপরীতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও রওনক হাসান।
মিলা হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আহসান হাবিব নাসিম বলেন, ‘মিলা তো নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছে। এবার মিলা দেশে এসেছে এই নাটকের শুটিংয়ের জন্য। আমি আনন্দিত। কারণ, বহু বছর পর মিলার সঙ্গে কাজ করলাম। অনেক মেধাবী অভিনেত্রী মিলা।’
নাসিম আরও যোগ করে বলেন, “আমি কখনো নাটক কিংবা সিনেমা বাস্তবে পরিচালনা করিনি। শুধু অভিনয় করেছি। এই নাটকে পরিচালকের চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছি। অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। নাটকের গল্পে একজন অভিনেত্রীর ক্যারিয়ার ও সংসার জীবনের টানাপড়েনের গল্প দেখানো হয়েছে। বলতে পারেন তারকা দম্পতির গল্প নিয়ে ‘সম্পর্কের জাল’ নাটকটি নির্মিত হয়েছে।”
অভিনেত্রী মিলা হোসেন বলেন,‘অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালে একটু দ্বিধা কাজ করে। নিয়মিত কাজ করলে হয়তো এ রকম হতো না। তারপরও অভিনয় যখনই করি তখনই ভালো লাগে।’
নাটকটি আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক সুমন আনোয়ার।

ফিচার ডেস্ক