ছাড়পত্র পেল ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’
গতকাল ১৬ জুলাই বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সাইফ চন্দন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। ফলে এখন যে কোনো দিনই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা নীল নক্ষত্র এন্টারটেইনমেন্ট। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন আইরিন ও আরজু।
ছবির পরিচালক সাইফ চন্দন বলেন, ‘ছবিটি সবারই ভালো লাগবে। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। ছবির প্রেজেন্টেশনকে তাঁরা সাধুবাদ জানান।’
ছবির নায়ক আরজু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেশ উচ্ছ্বাসের সঙ্গে বলেন,‘এই ছবির মধ্যে আমাদের অনেক সাধনা যুক্ত। আমি আমার সর্বোচ্চ দিয়ে ছবিটা করেছি। এখন সবাই ছবিটি গ্রহণ করলে আমাদের কষ্ট সার্থক হবে।’
আরজু ও আইরিন ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। ছবির চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সম্পাদনা করেছেন সবুজ খান।
ছবিতে মোট ছয়টি গান রয়েছে। গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দীপ ও সোমেশ্বর অলি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কনা, লিজা, কিশোর, বেলাল খান, নওমী, মোহনা। নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শামীম আলম। ছবিটির কারিগরি সহযোগিতায় আছে সিনেমাওয়ালা। ঈদের পরপরই ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।

মাজহার বাবু