ঈদের পর জমে উঠছে এফডিসি
ঈদের ছুটির পর শুটিংকে কেন্দ্র করে আবারও লোক সমাগম হচ্ছে বিএফডিসিতে। ঈদের আমেজ কাটিয়ে শিল্পী ও কলাকুশলীরা আবারও নেমে পড়ছেন কাজে। গতকাল বুধবার থেকেই শাকিব খান অংশ নেন ‘রাজাবাবু’ ছবির মারামারির দৃশ্যে। এফডিসির দুই নম্বর শুটিং স্পটে সেট ফেলে এই ছবির শুটিং হয়। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
এনটিভি অনলাইনকে বদিউল আলম খোকন বলেন, ‘আগামী কোরবানির ঈদের জন্য ছবিটি বানাচ্ছি। যে কারণে টানা শুটিং শেষ করতে চাই। ১৪ জুন শুটিং শুরু করেছিলাম। রোজার ঈদের আগে পর্যন্ত শুটিং করেছি। আশা করছি আগামী সাত দিন শুটিং করতে পারলেই শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। গানের অংশ বাকি থাকবে, সেটা এরই মধ্যে করে ফেলতে পারব। তবে বৃষ্টির জন্য বেশ কয়েকদিন শুটিং করতে পারিনি। সাউন্ড কমপ্লেক্সের সামনে সেট ফেলেছিলাম, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এই ঈদের ছুটির ফাঁকে ২ নম্বর শুটিং ফ্লোরে নতুন সেট ফেলে শুটিং করছি। অনেক ধরনের বাধা অতিক্রম করতে হচ্ছে, কিন্তু কাজে কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। যে কারণে সময়টাও একটু বেশি লাগছে।’
রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত ৫ জুন থেকে। কিন্তু ছবিটির শুটিং শুরু হয় ১৪ জুন থেকে। পরিচালক বদিউল আলম খোকন শুটিং সম্পর্কে বলেন, ‘শুটিং শুরুর প্রথম ছয় দিন ফাইটের দৃশ্য গ্রহণ করেছি। শাকিব ২০ তারিখ থেকে শুটিং করছেন। এরই মধ্যে আমরা এফডিসি, উত্তরা, পুবাইল ও টাঙ্গাইলে শুটিং করেছি। এখন এফডিসিতে শুটিং করছি।’
এ ছবিতে শাকিব, অপু ও ববি ছাড়া আরো অভিনয় করছেন উজ্জ্বল, দিতি, ওমর সানী, শাহনূর, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, প্রবীর মিত্র, সুব্রত, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ প্রমুখ।

মাজহার বাবু