সব তারকার প্রযোজনায় আসা উচিত : ববি
‘মুক্তির অপেক্ষায় দুটি ছবি, কাজ চলছে আরো দুটির। কিছুদিনের মধ্যে মাল্টায় শুরু হবে ওপার বাংলার একটি ও যৌথ প্রযোজনার আরেকটি ছবির কাজ। আবার নিজের প্রযোজনার ছবির গল্প গোছানোর কাজ চলছে’- ঢালিউডের এ সময়কার জনপ্রিয় নায়িকা ববি এমনই ব্যস্ত। শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে ত্রিভুজ প্রেমের ছবি ‘রাজাবাবু’তেও অভিনয় করছেন তিনি। শুটিংয়ের ফাঁকেই কথা হলো তাঁর সঙ্গে।
বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটি বড় পর্দায় উঠতে পারে কোরবানির ঈদে। সেই লক্ষ্যে টানা শুটিংয়ের কাজ চলছে। আজ এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে চলছে ছবির ফাইট দৃশ্যের শুটিং। প্রযোজনায় নামার পেছনে কারণ হিসেবে চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কথা বললেন ববি।
চিত্রনায়িকা ববি আরো বলেন, ‘আসলে চলচ্চিত্র থেকে কী পেয়েছি জানি না, কিন্তু এটা (চলচ্চিত্র) ছাড়া অন্যকিছু ভাবতেই পারি না। আমার পরিবারের যে অবস্থা, তাতে আমি কোনো কাজ না করলেও ভালোভাবেই চলতে পারব। টাকার জন্য কখনোই কাজ করিনি। চলচ্চিত্রটাকে কিছুতেই মাথা থেকে সরাতে পারি না। ভালো গল্পের ছবি যে হচ্ছে না তা না, কিন্তু নিজের যেই কাজটা করার ইচ্ছা বা নিজের মনে হয় এই কাজটি করলে দর্শকদের ভালো লাগবে, সেই কাজটা তো কেউই আপনার কাছে নিয়ে আসবে না। নিজের উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। আমাদের পাশের দেশে দেখেন, বোম্বের সব খানরা ছবি প্রযোজনা করছেন। তাঁরা সবাই মিলে চলচ্চিত্রটাকে কোথায় নিয়ে গেছেন! আমার তো মনে হয় শাকিব খানসহ যারা আমাদের দেশে চলচ্চিত্র থেকে বড় অঙ্কের অর্থ আয় করতে পেরেছেন, তাঁদের সবারই ছবি প্রযোজনা করা উচিত। আমার বিশ্বাস, বাংলাদেশের চলচ্চিত্রশিল্প ঘুরে দাঁড়াতে শুরু করেছে।’
‘রাজাবাবু’ সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, “বদিউল আলম স্যারের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে ‘হিরো : দ্য সুপার স্টার’-এ কাজ করেছিলাম। তাঁর সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। ছবির প্রাথমিক অবস্থা থেকেই আমি যুক্ত। যখন পরিচালক গল্প নিয়ে কাজ করছিলেন, তখন থেকেই বিষয়টা জানতাম। কাহিনী ও গল্পে ব্যতিক্রম রয়েছে বলে ছবিটি দর্শকহৃদয়ে জায়গা করে নেবে।”
অন্যদিকে, ওপার বাংলার ছবিতে ববি ব্যস্ত হয়ে উঠবেন আগামী সপ্তাহ থেকে। বিক্রম চোপড়ার পরিচালনায় ‘রংবেরং’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আরো একটি ছবিতে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। শোনা যাচ্ছে, ববির বিপরীতে দেখা যেতে পারে আবির চট্টোপাধ্যায়কে। এ লক্ষ্যে কিছুদিনের জন্য ভূমধ্যসাগরের ছোট্ট দেশ মাল্টায় পাড়ি জমাবেন ববি। দুটি ছবিরই শুটিং হবে সেখানে।
নায়িকা ববি আরো বলেন, “রাজাবাবু’র পর ‘পিকনিক’ ছবি নিয়ে ব্যস্ত হয়ে উঠব। নিজের হোম প্রোডাকশনের ছবি ‘রক্ষা’র প্রাথমিক কাজকর্ম সেরে ফেলেছি। খুব তাড়াতাড়ি ঘোষণা দিয়ে ‘রক্ষা’ নিয়ে মাঠে নামব।”

মাজহার বাবু