ভারতের চলচ্চিত্র উৎসবে ‘পিঁপড়া বিদ্যা’
আগামী ৩ আগস্ট প্রথমবারের মতো ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথমদিন উৎসবটির উদ্বোধন করবেন স্বনামধন্য চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি থাকবেন নন্দন প্রেক্ষাগৃহের প্রধান নির্বাহী কর্মকর্তা যাদব মণ্ডল।
উৎসবের উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পিঁপড়া বিদ্যা’। ছবিটি কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে দেখানো হবে।
এনটিভি অনলাইনকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আয়োজকদের এটাই প্রথম চলচ্চিত্র উৎসব এবং উৎসবের উদ্বোধনী ছবি ‘পিঁপড়া বিদ্যা’। এটা অবশ্যই আনন্দের খবর। আমি অনেক খুশি।”
উৎসবে অংশ নিতে আগস্টের শুরুতেই কলকাতায় যাবেন ফারুকী। ৩ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরদিনই ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।

নাইস নূর