৭ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাকমানি’
আগামী ৭ আগস্ট ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে মো. সাফিউদ্দিন সাফি পরিচালিত চলচ্চিত্র ‘ব্ল্যাকমানি’। ছবিটি মুক্তি উপলক্ষে ২৭ জুলাই সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন প্রযোজনা সংস্থা মুভি প্লানেট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে তারকাসমৃদ্ধ এই ছবি। বাবুল আহমেদ নিবেদিত ‘ব্ল্যাকমানি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, সাইমন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ, সাদেক বাচ্চু, রেবেকা, শশী, আফজাল শরীফ, চিকন আলী, ডিজে সোহেল ও মিশা সওদাগর। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মার্শাল আর্ট এক্সপার্ট নায়ক রুবেল।

ছবিটি নিয়ে আশাবাদী নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত যত কাজ করেছি, তার মধ্যে এই ছবিতে বেশি কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমার সর্বোচ্চ দিতে চেষ্টা করেছি। বাকিটা দর্শকের হাতে। গল্পটা মজার, যে কারণে দর্শক দেখে মজা পাবে। ছবিতে অনেক মেসেজ আছে, যা প্রতিটি ছবিতে থাকা উচিত।’
পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘আমি সব সময়ই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে। এর আগের ছবিতে দর্শক দেখেছেন আমি কী ধরনের গল্প নিয়ে কাজ করি। আমি আশা করি, এই ছবিও আপনাদের ভালো লাগবে।’

‘ব্ল্যাকমানি’র কাহিনী সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রগ্রহণ তপন আহমেদ, সংগীত শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, ইরান ও হাবিব; অ্যাকশন পরিচালনায় ছিলেন আরমান। স্থিরচিত্রে বিরাজ, মেকআপে ফটিক, ব্যবস্থাপনায় নুরুন্নবী। পরিচালক সাফিউদ্দিন সাফি জানান, ‘ব্ল্যাকমানি’ ছবিতে ছয়টি গান রয়েছে। এর মধ্যে একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পলাশ ও ডলি সায়ন্তনীর গাওয়া ‘বারোটা বাজায়ে দিলি’ গানটি এরই মধ্যে এক লাখ দর্শক দেখার সুযোগ পেয়েছেন। পর্যায়ক্রমে সবকটি গানই ইউটিউবে ছাড়া হবে বলে তিনি জানান। ‘ব্ল্যাকমানি’ হবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদের প্রথম ছবি।

মাজহার বাবু