‘আড়াল’-এর শুটিং শুরু হচ্ছে বান্দরবানে
গত বছর সাহেদ চৌধুরীর পরিচালনায় শুরু হয়েছিল ‘আড়াল’ ছবির শুটিং। ছবিটিতে অভিনয় করছেন শাহ রিয়াজ, আঁচল ও বিপাশা কবির। এরই মধ্যে ছবিটির তিনটি গান ছাড়া সব কাজ শেষ হয়েছে। আগামীকাল ১০ আগস্ট থেকে আবারও শুরু হচ্ছে ছবির দুটি গানের শুটিং। টানা ছয়দিন ধরে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে। এতে অংশ নেবেন আঁচল ও শাহ রিয়াজ।
শাহ রিয়াজ বলেন, ‘এই ছবির বাকি শুটিং অনেক আগেই করা হয়েছে। তিনটি গান বাদে বাকি সব কাজ শেষ করা হয়েছে। এখন শুধু তিনটা গান এনে জুড়ে দিলেই ছবি সেন্সর বোর্ডে জমা দেওয়া যাবে। আমাদের পরিচালক আগেই বলেছিলেন, বৃষ্টিটা একটু কমলেই এই গানের শুটিং করবেন। কারণ বৃষ্টির পর বান্দরবানের পরিবেশ অনেক সুন্দর থাকে। আসলে এই ছবি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন পরিচালক সাহেদ চৌধুরী। আমরাও চেষ্টা করেছি ভাল কিছু উপহার দেওয়ার। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
আসিফ আকবর, ন্যান্সি, পড়শী ও রবিন ইসলামের কণ্ঠে সব গানের কম্পোজিশন করেছেন শিল্পী রবিন ইসলাম নিজেই। কথা লিখেছেন মোহাম্মদ শাহ আলম এবং রবিন ইসলাম। এবারের এই শুটিং শেষে বাকি থাকবে একটি আইটেম গানের শুটিং, যেটির শুটিং করা হবে এফডিসির যেকোনো ফ্লোরে। এতে পারফর্ম করবেন ছবির আরেক নায়িকা বিপাশা কবির।
পরিচালক সাহেদ চৌধুরী বলেন, ‘এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার চিন্তাভাবনা করছি। অনেক আগেই ছবিটির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু অপ্রত্যাশিত কিছু কারণে সেটা সম্ভব করতে পারিনি। আগামী ১০ তারিখে দুটি গানের শুটিংয়ে বান্দরবানে যাচ্ছি। এরপর এফডিসিতে আরেকটি গানের শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেব।’

মাজহার বাবু