জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করতে চাই : নবাগত জলি
গতকাল বৃহস্পতিবার থেকে এফডিসির ২ নম্বর শুটিং ফ্লোরে শুরু হয়েছে ‘অঙ্গার’ ছবির কাজ। বিশাল এক বাড়ি বানিয়ে শুটিংয়ের আয়োজন করা হচ্ছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ছবিটির ৩০টি দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
ছবিতে কলকাতার নায়ক ওম ও বাংলাদেশের নতুন নায়িকা জলিকে দেখা যাবে ‘অঙ্গার’ ছবিতে। নবাগত নায়িকা জলি মনে করেন, ভালো পরিবেশ পেলে জীবনের শেষ দিনটিতেও চলচ্চিত্রে কাজ করতে চান তিনি। এর আগে জলিকে জাজ মাল্টিমিডিয়া পরিচয় করিয়ে দেয় ‘আশিকি’ ছবির মহরতে। যদিও সেই ছবির নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। ‘অঙ্গার’ ছবির মধ্য দিয়েই জলির অভিষেক হতে যাচ্ছে।
নবাগত নায়িকা জলি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ছোটবেলায় নাচ করতাম। আমার সব সময়ই ইচ্ছা ছিল, ছবির নায়িকা হবো। কিন্তু আব্বু একদমই পছন্দ করেন না। অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিলাম। একসময় মা আমার পাশে এসে দাঁড়ালে আবারো চেষ্টা শুরু করি। একদিন দেখলাম, জাজের জন্য নতুন নায়িকা নেওয়া হবে। প্রথমে ভাবলাম, জাজের নায়িকা তো একজনই; অন্য নায়িকারা কি সেখানে চান্স পাবে? তবুও ছবি দিলাম। ছবি দেখে জাজের কর্ণধার আজিজ ভাই পছন্দ করলেন। এর পর নিজেকে নায়িকা হিসেবে তৈরি করার চেষ্টা শুরু করলাম।’
বাংলা চলচ্চিত্রে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে জলি বলেন, ‘আমি তো জীবনের শেষ দিনটিতেও কাজ করতে চাই। আমার কাজ যেন দর্শকের ভালো লাগে, সে জন্য আমি এরই মধ্যে অভিনয়, ফাইট, ড্যান্স শিখেছি। সবাই বলছে, আমি ভালো করব। কিন্তু আমি কাজ দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। আমাদের এই ছবির গল্প অনেক সুন্দর। নির্মাণ বা কারিগরি দিক থেকেও এই ছবি এগিয়ে থাকবে। আমি যদি দর্শকের মন জয় করতে পারি, তাহলে শুধু নায়িকা নয়, সামনের দিনগুলোতে আমাকে ভাবি, খালা, মা, দাদি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয়ের নেশাটা আমার অনেক ছোটবেলা থেকেই। এখন আমি একটা সুযোগ পেয়েছি, এর সঠিক ব্যবহার করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অঙ্গার’। পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশের ওয়াজেদ আলী সুমন। রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবিতে আরো অভিনয় করছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত প্রমুখ।

মাজহার বাবু